Kolkata, April 24: খেলার জগতেও ঢুকে গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা। টেবিল টেনিসে রোবট শুধু অনুশীলনের সঙ্গী নয়, কড়া প্রতিদ্বন্দ্বী। বাঘা বাঘা খেলোয়াড়দের টক্কর দিচ্ছে এক রোবট। এই রোবট বানিয়েছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সোনি। নাম দিয়েছে ‘এস’ (Ace)।
সম্প্রতি টেনিসের পেশাদার খেলোয়াড়দের হারিয়ে চমক সৃষ্টি করেছে এই ‘এস’। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (ITTF) নিয়ম মেনে পরীক্ষামূলক ম্যাচে জাতীয় স্তরের পাঁচজন খেলোয়াড়ের মধ্যে তিনজনকে পরাজিত করেছে এই রোবট। পরীক্ষামূলক এই গেম নিয়ম মেনে ১১ পয়েন্টের ম্যাচ। উপস্থিত ছিলেন রেফারিও। তবে পেশাদার শীর্ষ স্তরের খেলোয়াড়দের বিরুদ্ধে জিততে ব্যর্থ এস।
কি এই রোবটের বিশেষত্ব?
টেবিল টেনিসে বলের গতি ৭০ কিমি/ঘণ্টা। তার সঙ্গে থাকে স্পিন, যা বলের গতিপথ বদলে দেয়। বলের গতিপথ বুঝতেই ‘এস’-এ মোট বারোটি ক্যামেরা হয়েছে। এই ক্যামেরাগুলো বলের গতি, ঘূর্ণন ও অবস্থান একসঙ্গে ট্র্যাক করতে সক্ষম।
তাছাড়া আট-জয়েন্টের রোবোটিক হাত দিয়ে শট নেয় এই রোবট। ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে নিজে নিজেই টেনিসের বিভিন্ন কৌশলগত সার্ভ ও রিটার্ন শিখেছে। বর্তমান পরীক্ষায় প্রমাণিত, এই রোবট গড়ে পাঁচ শটের র্যালি খেলতে পারে। প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্রুত রিটার্ন শট নিতেও সক্ষম ‘এস’।
এর আগে টেবিল টেনিস দুনিয়ায় অনুশীলনের জন্য রোবট তৈরি হয়েছিল। কিন্তু দক্ষ, পেশাদার মানব খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে দেখা যায়নি কোনো রোবটকে। পাশাপাশি মানব খেলোয়াড়ের বিপক্ষে ধারাবাহিকভাবে জেতার নজিরও প্রথম। এই সাফল্যকে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখছে বিজ্ঞানীরা।




















