কলকাতা: ধুরন্ধর এবং ধুরন্ধরের দ্বিতীয় ভাগ দ্য রিভেঞ্জ তৈরী করে ভারতের চলচ্চিত্র জগতে সাড়া ফেলে দিয়েছেন আদিত্য ধর (Aditya Dhar)। এতদিনে আদিত্য ধরের টানটান চিত্রনাট্যের প্রেমে হয়তো অনেকেই পড়েছেন। তবে অনেকেরই হয়তো জানা নেই আদিত্য ধর তার প্রথম জীবনে ছিলেন একজন ক্রিকেটার। তবে শখের ক্রিকেট খেলোয়াড় নয় তিনি ছিলেন রীতিমত পেশাদার খেলোয়াড়। আদিত্য সুযোগ পেয়েছিলেন ২০০২ অনূর্ধ্ব ১৯ টিমেও। ক্রিকেটই তার পেশা হতে পারত।
আজ হয়ত ভারতীয় জার্সিতে তাকে দেখা যেতে পারত বিশ্বক্রিকেটের ময়দানে, কিন্তু ক্রিকেট মাঠের রাজনীতিতে তাকে অকালে ক্রিকেট ছাড়তে হয়েছিল। বিভিন্ন প্রতিবেদন এবং প্রবীণ পরিচালক প্রিয়দর্শন-এর দেওয়া একটি সাক্ষাৎকারের সূত্র ধরে জানা যায়, আদিত্য ধর প্রতিভা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবে দল থেকে বাদ পড়েছিলেন। দাবি করা হয় যে, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনিকে আদিত্য ধরের জায়গায় সুযোগ করে দেওয়া হয়েছিল।
আরও দেখুনঃ অত্যাধুনিক মাইক্রো ইউএভি প্রস্তুত করছে বায়ুসেনার বিশেষ ইউনিট
তবে স্টুয়ার্ট বিনির সেই দলে জায়গা পাওয়া ছিল যথেষ্ট বিতর্কিত। সেই বছরে পারফরম্যান্সের নিরিখে বেশ পিছিয়েই ছিল স্টুয়ার্ট বিনি। স্টুয়ার্ট বিনি সেই বিশ্বকাপে ৬টি ম্যাচে মাত্র ৩৪ রান করেন এবং ২টি উইকেট নেন, যা পরে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ না পাওয়ায় সেদিন যথেষ্ট অপমানিত হয়েছিলেন আদিত্য। এই ঘটনায় আদিত্য ধর সিস্টেমের ওপর অত্যন্ত বিরক্ত হয়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
আদিত্য ধর ছিলেন একজন স্পিন অলরাউন্ডার এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন। তবে সেদিন হয়ত নেপোটিসমের স্বীকার হয়েছিলেন আদিত্য। হতে হয়েছিল চরম রাজনীতির স্বীকার। তবে সেদিন ক্রিকেট না ছাড়লে আজকের আদিত্য ধরকে অগণিত দর্শক কিন্ত পেতেন না। ক্রিকেট ছেড়ে আদিত্য চলে এসেছিলেন চলচ্চিত্রের জগতে। লিখতে শুরু করেছিলেন একের পর এক ছবির স্ক্রিপ্ট।
উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, ধুরন্ধর থেকে শুরু করে ধুরন্ধর ২ এবং আর্টিকেল ৩৭০ তার সবকটি ছবিই সুপার হিট। উরির জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারও। সদ্য মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর ২ চারদিনেই প্রায় ৭০০ কোটির ব্যবসা করেছে। পরিচালক রামগোপাল ভার্মা স্বয়ং বলেছেন আদিত্য ধরের ছবি তাকেও আবার নতুন করে ভাবতে বাধ্য করেছে।
শুধু নিজের ছবি নয় তিনি স্ক্রিপ্ট লেখক হিসেবে কাজ করেছেন কাবুল এক্সপ্রেস, হাল এ দিল, তেজের মত ছবিতেও। সুতরাং সেদিনের সেই প্রত্যাখ্যান তাকে প্রাথমিক ভাবে হতাশা এনে দিলেও হার না মানা আদিত্য চলচ্চিত্র জগতেই একের পর এক ছক্কা হাঁকিয়ে তাকে লাগাচ্ছেন দর্শকদের।




















