২০২৭ বিশ্বকাপ জিততে ভারতকে সানির ৩ টোটকা

বিশ্বকাপের ট্রফিটা (ODI World Cup) দেশে ফেরাতেই হবে এই একটিমাত্র মন্ত্রেই এখন থেকে শান দেওয়া প্রয়োজন প্রস্তুতিতে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ…

sunil-gavaskar-three-tips-for-india-2027-odi-world-cup

বিশ্বকাপের ট্রফিটা (ODI World Cup) দেশে ফেরাতেই হবে এই একটিমাত্র মন্ত্রেই এখন থেকে শান দেওয়া প্রয়োজন প্রস্তুতিতে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবোয়ের মাটিতে। লক্ষ্য যখন শুধুই বিশ্বজয়, তখন আফ্রিকার সেই অচেনা এবং কঠিন পরিবেশের জন্য প্রস্তুত হতে হবে এখন থেকেই। আর সেই অভীষ্ট লক্ষ্যপূরণেই বিরাট কোহলি ও রোহিত শর্মাদের জন্য তিনটি অব্যর্থ দাওয়াই বাতলে দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী কিংবদন্তি সুনীল গাওস্কর।

গাওস্করের প্রথম পরামর্শটি সরাসরি বোর্ডের উদ্দেশে। তাঁর মতে, আফ্রিকার সুবিশাল মাঠের সঙ্গে মানিয়ে নিতে ভারতের মাটিতে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজগুলিতে বাউন্ডারির পরিধি বাড়ানো উচিত। বাউন্ডারি লাইনে থাকা বিজ্ঞাপনী এলইডি বোর্ডের পিছনের ফাঁকা জায়গাটি কাজে লাগালেই মাঠ বড় করা সম্ভব। এতে দেশের মাটিতেই বড় শট খেলার প্রকৃত অনুশীলন পাবেন ব্যাটাররা, যা বিশ্বকাপের মঞ্চে তফাত গড়ে দেবে।

Advertisements

দ্বিতীয়ত, সানি জোর দিয়েছেন মগজাস্ত্রের ব্যবহারে। বিপক্ষের সব বোলার কখনোই সমান মাপের হন না। তাই প্রতি ওভারে অযথা ঝুঁকি না নিয়ে, দুর্বল বোলারদের চিহ্নিত করে আক্রমণ করার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, ৫০ ওভারের ইনিংসে অন্তত ২০ থেকে ২৫ ওভার অনায়াসে রান তোলার সুযোগ থাকে। সেই সুযোগ কাজে লাগাতে পারলে ৩৮০ রানের পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রাও তাড়া করা
সম্ভব।

সবশেষে, শট নির্বাচন নিয়ে ব্যাটারদের সতর্ক করেছেন গাওস্কর। টি টোয়েন্টির যুগে উদ্ভাবনী বা অদ্ভুত শট খেলার যে প্রবণতা তৈরি হয়েছে, এক দিনের ক্রিকেটে তার ঘোর বিরোধী তিনি। কিংবদন্তির স্পষ্ট বার্তা, বাইশ গজে অহংকার সরিয়ে রেখে নিখুঁত ক্রিকেটীয় শট খেললেই বড় রান আসবে।
অর্থাৎ, উদ্ভাবনী চমক নয়, বরং নিখুঁত ব্যাকরণ আর বিশ্বজয়ের অদম্য জেদই হতে পারে ২০২৭-এ ভারতের তুরুপের তাস।

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের