প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের দাপটে, সুবিধাজনক জায়গায় ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে (IND vs ZIM) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। বোলাররা সেই আস্থার দারুণ মর্যাদা দিয়েছেন। মায়াঙ্ক যাদব এবং প্রিন্স যাদবের নিখুঁত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রানেই আটকে যায় জিম্বাবোয়ে।
ম্যাচের শুরু থেকেই জিম্বাবোয়েকে চাপে রাখে ভারত। মায়াঙ্ক যাদব ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আয়োজক দেশ। অধিনায়ক সিকান্দার রাজাও মাত্র ৪ রান করে ফিরে যান। জিম্বাবোয়ের হয়ে ওয়েসলি মাধেভেরে সর্বোচ্চ ৩৯ রান করেন। শেষের দিকে মারুমানির অপরাজিত ২৭ রানের সৌজন্যে তাদের স্কোর কোনওক্রমে একশোর গণ্ডি পার করে।
বল হাতে ভারতের হয়ে মায়াঙ্ক যাদব এবং প্রিন্স যাদব দুজনেই দুর্দান্ত স্পেল করেন। মায়াঙ্ক ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি এবং প্রিন্স ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া শিবম দুবে এবং রবি বিষ্ণোই পেয়েছেন একটি করে উইকেট। ম্যাচ জিততে ভারতের সামনে এখন লক্ষ্য ১২৬ রান। ব্যাটসম্যানরা কিভাবে এই লক্ষ্য তাড়া করেন সেটাই এখন দেখার।





