রক্ষাকবচ খারিজ! একাধিক মামলায় আইনি লড়াইয়ে বড় ধাক্কা অভিষেকের

কলকাতা: রাজ্যজুড়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে বিশেষ সুরক্ষার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

কলকাতা: রাজ্যজুড়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে বিশেষ সুরক্ষার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি হলেও অভিষেককে এই মুহূর্তে কোনো সার্বিক রক্ষাকবচ দিল না আদালত। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

আদালতে সওয়াল করতে গিয়ে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ রাজ্যের একাধিক থানায় অভিষেকের বিরুদ্ধে মোট আটটি এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে ডিজে মন্তব্য সংক্রান্ত একটি মামলায় রক্ষাকবচ মিললেও, বর্তমান পরিস্থিতিতে বাকি মামলাগুলির ক্ষেত্রেও একসঙ্গে সার্বিক রক্ষাকবচ প্রয়োজন। সওয়াল করার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অতীতে একাধিক এফআইআর দায়েরের প্রসঙ্গটি তোলেন সিব্বল। তিনি জানান, অতীতে শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল এবং আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়ের না করার নির্দেশও দেওয়া হয়েছিল। যদিও রাজ্যের আইনজীবী পাল্টা জানান যে সেটি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল এবং সার্বিক প্রোটেকশন দেওয়া হয়নি। আদালতও স্পষ্ট জানিয়ে দেয় যে, অন্য কোনো নেতার প্রসঙ্গ যেন এখানে না টানা হয়।

Advertisements

সমস্ত মামলা একসঙ্গে জুড়ে সার্বিক রক্ষাকবচ দেওয়ার আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেওয়া সম্ভব? এতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। বিচারপতির পর্যবেক্ষণ, প্রতিটি মামলাই আলাদা এবং ভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে। তাই একসঙ্গে সমস্ত মামলার ক্ষেত্রে এমন আর্জি গ্রহণ করা সম্ভব নয়।

আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনো কঠোর বা কড়া পদক্ষেপ করা হলে তা সরাসরি আদালতের নজরে আনা যাবে। তবে একসঙ্গে সমস্ত মামলা একত্রিত করে আপাতত কোনো বড় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা! নিট আন্দোলন নিয়ে তীব্র আক্রমণ দিলীপের

শ্রাবণের ধারায় ভিজছে রাজ্য: কোন কোন জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা?