বাগান অনুশীলনে দ্রাজিচ, ইস্টবেঙ্গলে দানি! ডার্বির আগে পুরোদমে প্রস্তুতি দুই প্রধানের

বাবন আদক, কলকাতা: মরসুমের শুরুর আগেই ক্রমশ সরগরম হয়ে উঠছে কলকাতা ময়দান। আসন্ন ডুরান্ড কাপ এবং আইএসএল-এর কঠিন মহারণের (Kolkata Derby) জন্য এবার নিজেদের অস্ত্র…

mohun-bagan-dejan-drazic-east-bengal-dani-ramirez-training-before-Kolkata Derby

বাবন আদক, কলকাতা: মরসুমের শুরুর আগেই ক্রমশ সরগরম হয়ে উঠছে কলকাতা ময়দান। আসন্ন ডুরান্ড কাপ এবং আইএসএল-এর কঠিন মহারণের (Kolkata Derby) জন্য এবার নিজেদের অস্ত্র শানাতে শুরু করে দিল কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রধান। বুধবার কার্যত বিদেশি আগমনে উৎসবের চেহারা নিল দুই দলের অনুশীলন শিবির। একদিকে সবুজ মেরুন জার্সিতে প্রথমবার অনুশীলনে নেমে পড়লেন সার্বিয়ান অ্যাটাকার দেজান দ্রাজিচ, অন্যদিকে লাল হলুদ শিবিরে অনুশীলনে যোগ দিলেন নতুন স্প্যানিশ রিক্রুট দানি র‍্যামিরেজ।

Also Read | ট্রফি খরা কাটাতে ‘ভিশন ২০২৮’ শিবিরে তরুণদের পাশে সৌরভ, বাংলার ক্রিকেটে নতুন রোডম্যাপ

Advertisements

মোহনবাগানের আক্রমণভাগে এবার অন্যতম বড় ভরসা দ্রাজিচ। প্রথম দিনেই দলের সঙ্গে হালকা গা ঘামালেন তিনি। এই সার্বিয়ান তারকার ভারতীয় ফুটবলে অভিজ্ঞতা যে নতুন মরশুমে মোহনবাগানের অন্যতম বড় হাতিয়ার হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে দ্রুত বোঝাপড়া তৈরি করতে মরিয়া সার্ব গোলগেটার।

Also Read | রবিবার সকালেই শহরে আসছেন পানাজিওটিস দিলম্পেরিস

পিছিয়ে নেই পড়শি ক্লাব ইস্টবেঙ্গলও। মাঝমাঠের অন্যতম প্রধান কারিগর দানি র‍্যামিরেজ এদিন যোগ দিলেন দলের অনুশীলনে। তাঁর নিখুঁত পাসিং রেঞ্জ এবং বল কন্ট্রোল লাল হলুদ মাঝমাঠের সৃজনশীলতা যে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে প্রবল আশাবাদী আপামর সমর্থকরা। তবে ইস্টবেঙ্গল শিবিরের জন্য এদিন আরও একটি বড় স্বস্তির খবর ছিল সৌভিক চক্রবর্তীর প্রত্যাবর্তন। পারিবারিক সমস্যার কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর, বুধবার ফের লাল হলুদ অনুশীলনে চেনা মেজাজে দেখা গেল মাঝমাঠের এই অক্লান্ত ‘ওয়ার্কহর্স’-কে।

Also Read |   পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

দুই প্রধানেই বিদেশিদের হাই প্রোফাইল আগমন এবং দেশীয় তারকাদের মাঠে ফেরা বুঝিয়ে দিচ্ছে, আসন্ন মরশুমের জন্য মহড়া এখন তুঙ্গে। ময়দানের পারদ ক্রমশ চড়ছে, আর মেগা ম্যাচের আগে যুযুধান দুই শিবিরই নিজেদের অস্ত্রে শান দিতে বদ্ধপরিকর।