বাবান আদক, কলকাতা ডেস্ক: সেমিফাইনালে নামার আগে কিলিয়ান এমবাপের হয়ে ডিফেন্স করলেন লামিন ইয়ামাল (Lamine Yamal)। ফ্রান্স দলের ফুটবলারদের গায়ের রং নিয়ে স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের করা চরম বর্ণবিদ্বেষী মন্তব্যের কড়া জবাব দিলেন খোদ স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল। সেমিফাইনালের মহারণের আগে তাঁর স্পষ্ট বার্তা, ফুটবলে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। বিশ্বকাপের মেগা সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে ফুটবলীয় কৌশলের চেয়েও বেশি চর্চায় উঠে এল মাঠের বাইরের এক অনভিপ্রেত বিতর্ক।
গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপেদের নিশানা করে স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজয় বলেছিলেন, “ফ্রান্স খুব ভাল খেলছে। কিন্তু ফ্রান্সের দলে কত জন ফরাসি ফুটবলার রয়েছে, তা ফুটবলারদের গায়ের রং দেখলেই বোঝা যায়।” প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থাকা এক ব্যক্তির মুখে এমন নজিরবিহীন আক্রমণাত্মক মন্তব্যে ফুটবল মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফিফাও যেখানে মাঠে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে, সেখানে এমন মন্তব্য কার্যত আগুন জ্বালিয়ে দেয়।
Also Read | বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মহারণ
এই বিতর্কেই জল ঢেলে নিজের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় জবাব দিলেন ইয়ামাল। কারও নাম না নিলেও তাঁর নিশানায় যে রাজয় ছিলেন, তা স্পষ্ট। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কাল একটা দারুণ ম্যাচ খেলতে নামব। এটাই তো ফুটবল, যা সকলকে এক জায়গায় নিয়ে আসে। সব সংস্কৃতিকে কাছে টেনে নেয়। সেখানে ধর্ম, বর্ণ, গায়ের রং কিছুই গুরুত্ব রাখে না। আসল হল ফুটবল।”
নিজে স্প্যানিশ হলেও ইয়ামালের বাবা মরক্কোর এবং মা গিনির। ফলে বর্ণবিদ্বেষের বিষময় ফল তিনি খুব ভালোভাবেই বোঝেন। তিনি আরও যোগ করেন, “ফ্রান্স ও স্পেন সেরা উদাহরণ, কী ভাবে ফুটবল সকলকে কাছে টানতে পারে। ফুটবলে একতাই আসল। তাই কে কী বলল, তাতে আমাদের কিছু যায়-আসে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল, আর একটা বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামব।”
Also Read | চোট কাটিয়ে অনুশীলনে ঝড় তুললেন এমবাপে, ভাইরাল গতির ভিডিও
জন্মদিনের ঠিক পরের দিনই বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মাঠে নামতে চলেছেন এই তরুণ তারকা। তবে মাঠের বাইরের এই বিতর্ক তাঁর মনঃসংযোগে যে বিন্দুমাত্র চিড় ধরাতে পারেনি, তা তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট। গলায় ঝকঝকে সোনা ও
হিরের হার নিয়ে হাজির হয়েছিলেন তিনি।
সাংবাদিকের প্রশ্নের মুখে একগাল হেসে ইয়ামালের সটান জবাব, “কেউ দেয়নি। নিজেই কিনেছি। জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছি।”
একদিকে এমবাপেদের লক্ষ্য করে স্প্যানিশ প্রাক্তন প্রধানমন্ত্রীর বর্ণবিদ্বেষী কটাক্ষ, অন্যদিকে ইয়ামালের মতো তরুণ তারকার পরিণত জবাব সব মিলিয়ে মাঠের বাইরের এই উত্তাপ ফ্রান্স-স্পেন সেমিফাইনালের পারদকে কার্যত ফুটন্ত বিন্দুতে পৌঁছে দিল। এখন দেখার, মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে কে কাকে টেক্কা দেয়।
Also Read | এশিয়ান অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্সে ভারতের দাপট, ৩ সোনাসহ ১৬ পদক জয়





