কলকাতা: রাজ্য সরকারের গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা কাটাতে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ২০১৯ সালের পর থেকে যেসব কর্মী ভুলবশত কম্পিউটার অপারেশন ও কম্পিউটার টাইপিং পরীক্ষা না দিয়েই এলডিসি/এলডিএ (LDC/LDA) বা ইউডিসি/ইউডিএ (UDC/UDA) পদে পদোন্নতি পেয়েছিলেন, তাঁদের পদোন্নতি আপাতত বাতিল করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মীদের আগের পদে নামিয়ে আনা হবে না এবং তাঁদের বর্তমান বেতনও অপরিবর্তিত থাকবে।
পরীক্ষা পাশের শর্ত ও ইনক্রিমেন্ট
রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরিতে বহাল থাকলেও সংশ্লিষ্ট কর্মীদের পদোন্নতির শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ, তাঁদের এনএসএটিআই (NSATI)-এর নির্ধারিত কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। নির্দেশিকায় বলা হয়েছে, যতক্ষণ না ওই কর্মীরা পরীক্ষায় পাশ করছেন, ততক্ষণ তাঁদের ‘অ্যানুয়াল ইনক্রিমেন্ট’ বা বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই ওই ইনক্রিমেন্ট পুনরায় চালু হবে।
কেন এই পরিস্থিতি?
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। ওই বছর ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (রিক্রুটমেন্ট টু ক্লেরিক্যাল ক্যাডার) রুলস’ কার্যকর হওয়ার পর আগের সমস্ত নিয়ম বাতিল হয়ে যায়। পুরোনো নিয়মে ৫০ বছর পূর্ণ হওয়া গ্রুপ-ডি ও গ্রুপ-সি কর্মীদের কম্পিউটার পরীক্ষায় ছাড় দেওয়া হতো, যা নতুন নিয়মে বাতিল হয়ে যায়। কিন্তু এই পরিবর্তনের পরেও অনেক দপ্তর ভুলবশত পুরোনো নিয়মের ভিত্তিতে কর্মীদের পদোন্নতি দিয়ে দিয়েছিল। এ নিয়ে বিভিন্ন দপ্তরের তরফে বিভ্রান্তি তৈরি হওয়ায় নবান্ন থেকে এই ব্যাখ্যা ও নির্দেশিকা জারি করা হলো।
ভবিষ্যৎ সতর্কতা
রাজ্য সরকার এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করেছে যে, এটি শুধুমাত্র বর্তমান জটিলতা নিরসনের জন্য একটি ‘এককালীন ছাড়’। ভবিষ্যতে যদি নিয়মবহির্ভূতভাবে কম্পিউটার পরীক্ষা ছাড়াই কোনো কর্মীকে পদোন্নতি দেওয়া হয়, তবে সেই পদোন্নতি অবিলম্বে বাতিল করা হবে। সরকারি দপ্তরে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়মনিষ্ঠা বজায় রাখতেই এই কঠোর অবস্থান নিল রাজ্য প্রশাসন।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বস্তিতে সংশ্লিষ্ট কর্মীরা, যদিও কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাগিদ তাঁদের উপর থেকেই যাচ্ছে।
মমতার চড় খেলেন দলেরই ‘পুরনো সৈনিক’! কে এই বাপি?
কামদুনি থেকে বরুণ বিশ্বাস: ফের খুলছে দুই মামলারই ফাইল? তোড়জোড় ঘিরে জল্পনা




