লক্ষ্য বিশ্বকাপ! ‘মাস্টারক্লাস’ নিতে সূর্যোদয়ের দেশে ভারতের ভবিষ্যৎ তারকারা

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের উদ্যোগে ভারতের তিনটি অনূর্ধ্ব-২১ দল জাপান সফরে যাচ্ছে। বিশ্বমানের প্রশিক্ষণ ও ম্যাচে ভবিষ্যৎ তারকারা পাবেন বড় সুযোগ।

india-u21-football-japan-exposure-tour-world-cup-preparation

বাবান আদক, কলকাতা ডেস্ক: এশিয়ান ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে উজ্জ্বল এবং চর্চিত নাম জাপান। নিজেদের দুরন্ত গতি, নিখুঁত স্কিল আর সুশৃঙ্খল ফুটবলের জাদুতে তারা শুধু এশিয়াতেই নয়, গোটা বিশ্বমঞ্চেই এখন এক সমীহ জাগানো শক্তি। আর সেই জাপানকেই এবার চূড়ান্ত আদর্শ করে এগিয়ে যাওয়ার পথ খুঁজছে ভারতীয় ফুটবল। বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে ভারত এখন জাপানি মডেলেই ভরসা রাখছে। এশিয়ার সেরা ফুটবলীয় ইকোসিস্টেম থেকে সরাসরি ফুটবলের পাঠ নিতে তাই সূর্যোদয়ের দেশে উড়ে যাচ্ছেন ভারতের একঝাঁক প্রতিশ্রুতিমান তরুণ ফুটবলার।

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তারকাদের আরও ধারালো করে তুলতে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের হাত ধরে শুরু হয়েছে এই যুগান্তকারী উদ্যোগ। ২০২৫-২৬ মরশুমে অনবদ্য পারফর্ম করার সুবাদে ভারতের তিনটি সেরা অনূর্ধ্ব-২১ দল বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং পাঞ্জাব এফসি আগামী ১১ থেকে ২৩ জুলাই জাপানের ফুকুওকায় এক বিশেষ ‘এক্সপোজার ট্যুর’-এ অংশ নিতে চলেছে। সেখানে তারা মুখোমুখি হবে জাপানের শীর্ষস্থানীয় যুব দলগুলির। প্রতিপক্ষ হিসেবে থাকছে আভিস্পা ফুকুওকা, সাগান তোসু এবং গিরাভাঞ্জ কিতাকিউশুর মতো সুশৃঙ্খল ও শক্তিশালী সব ক্লাব।

Also Read |  ভেঙে গেল জুটি! ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ ইমামির

জাপানের এই বিশ্বমানের ফুটবল পরিকাঠামো নিয়ে দারুণ আশাবাদী ভারতীয় দলের কোচেরাও। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বেঙ্গালুরু এফসি রিজার্ভ দলের কোচ রেনেডি সিংয়ের মতে, “বিশ্বের অন্যতম সেরা প্রতিপক্ষদের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার এ এক সুবর্ণ সুযোগ।” অন্যদিকে, গত বছর যুক্তরাজ্য সফরে নজরকাড়া পাঞ্জাব এফসি-র কোচ প্রবীণ কুমারের কথায়, “টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি অত্যন্ত নিখুঁত জাপানি ফুটবলারদের বিরুদ্ধে মাঠে নামাটা আমাদের ছেলেদের জন্য এক দারুণ শিক্ষণীয় চ্যালেঞ্জ হতে চলেছে।” এফসি গোয়ার কোচ ইসমাইল গুরুংয়ের মতে, বিশ্ব ফুটবলে জাপানের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের শক্তিশালী তৃণমূল স্তর, যা কাছ থেকে দেখাটা তরুণদের আরও পরিণত করবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সফর শুধু মাঠের ৯০ মিনিটেই আটকে নেই। ফুটবলের পাশাপাশি ভারতীয় কোচদের আপগ্রেড করতে থাকছে তিন দিনের বিশেষ কোচিং মডিউল। সেখানে জে-টু লিগ থেকে মাত্র তিন বছরে চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ফাইনালে ওঠা জাপানি ক্লাব ‘এফসি মাচিদা জেলভিয়া’র ডিরেক্টরের স্পেশাল ক্লাস পাবেন তাঁরা। পাশাপাশি, ফুটবলারদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য নাগাসাকি পিস স্টেডিয়াম এবং অ্যাটমিক বম্ব মিউজিয়াম পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস

বিশ্বকাপের মঞ্চে কবে ভারতের পতাকা উড়বে, তা ভবিষ্যৎ বলবে। তবে জাপানের মতো ফুটবল শক্তিকে আদর্শ করে রিলায়েন্স ফাউন্ডেশনের এই সুপরিকল্পিত সফর ভারতীয় যুব ফুটবলের ভিতকে যে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে, তা নিশ্চিতভাবেই বলা যায়।