ভাসছে উত্তরবঙ্গ, ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণ,কবে নামবে স্বস্তির বৃষ্টি?

কলকাতা: রাজ্যে আবহাওয়ার যেন দুই সম্পূর্ণ বিপরীত ছবি! একদিকে আষাঢ় মাস পড়ে গেলেও দক্ষিণবঙ্গে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। গুমোট গরমে এবং অতিরিক্ত আর্দ্রতায় নাভিশ্বাস ওঠার…

West Bengal weather update

কলকাতা: রাজ্যে আবহাওয়ার যেন দুই সম্পূর্ণ বিপরীত ছবি! একদিকে আষাঢ় মাস পড়ে গেলেও দক্ষিণবঙ্গে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। গুমোট গরমে এবং অতিরিক্ত আর্দ্রতায় নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। আবহাওয়া দফতর বারবার পূর্বাভাস দিলেও, বাস্তবে বৃষ্টির আকাল চলছেই। অন্যদিকে, টানা বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিনে দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও বড়সড় স্বস্তির খবর নেই। (West Bengal weather update)

কলকাতায় কি আজ স্বস্তির বৃষ্টি নামবে?

বুধবার সকাল থেকেই তিলোত্তমায় চড়া রোদ আর আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। রাস্তায় বেরোলেই গলদঘর্ম হচ্ছেন নিত্যযাত্রীরা। হাওয়া অফিসের মতে, আপাতত শহরের তাপমাত্রায় বড়সড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি।

   

দক্ষিণবঙ্গে বর্ষাতেও তাপপ্রবাহের পরিস্থিতি!

দক্ষিণবঙ্গের জেলাগুলির অবস্থাও রীতিমতো শোচনীয়। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও আশা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় সামান্য ঝড়বৃষ্টি হলেও, গুমোট গরম থেকে রেহাই মিলবে না। উলটে কয়েকটি জেলার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে বর্ষার মরশুমেও রীতিমতো তাপপ্রবাহের মতো পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের একাংশে। তবে আগামী ২০ জুন থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। ওই সময় থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গ যখন বৃষ্টির জন্য হাহাকার করছে, তখন প্রবল বর্ষণে ভিজছে উত্তরের জেলাগুলি। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অংশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

সমগ্র উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।