কলকাতা: শনিবার সাতসকালে রাজ্য রাজনীতিতে চরম নাটকীয়তা। একদিকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় আচমকা হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হল বিশাল পুলিশ বাহিনী। শাসকদলের দুই হেভিওয়েট নেতার দরজায় একই দিনে এই জোড়া অভিযানকে কেন্দ্র করে সপ্তাহান্তে কার্যত সরগরম বঙ্গ রাজনীতি।
পুর-নিয়োগ দুর্নীতিতে ইডি-র স্ক্যানারে মদন মিত্র
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে শনিবার সকালে একযোগে মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। তাঁর ভবানীপুরের আদি বাড়ি, কামারহাটির ফ্ল্যাট এবং জোকার ঠিকানায় চলছে এই ম্যারাথন অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুধু মদনের বাড়িই নয়, সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়ি-সহ মোট আট জায়গায় একযোগে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই ইডি-র এই ঝটিকা অভিযান। উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতি মামলাতেই এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। এবার তাদের কড়া নজর কামারহাটির দাপুটে বিধায়কের ওপর।
তাৎপর্যপূর্ণভাবে, ঠিক ২৪ ঘণ্টা আগে শুক্রবারই বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে মদন মিত্রের বাড়িতে গিয়েছিল সিআইডি (CID)। বিধায়ক নিজেই জানিয়েছিলেন, গোয়েন্দারা তাঁকে তদন্তে সহযোগিতার কথা বলে একটি নোটিস দিয়ে গিয়েছেন, যা তিনি গ্রহণ করেছেন। আর সেই রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ইডি-র এই জোরালো হানা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ
মদন মিত্রের বাড়িতে ইডি হানার সমান্তরালেই শনিবার সাতসকালে আরও এক হাই-ভোল্টেজ পরিস্থিতির সৃষ্টি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আচমকাই তৃণমূল সাংসদের কালীঘাটের বাসভবনে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
জানা গিয়েছে, বিশাল বাহিনী নিয়ে একদম সকালে অভিষেকের বাড়ির সামনে পৌঁছয় পুলিশ। দলে মহিলা পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং বাড়ির সদস্যদের ডাকাডাকি করতে থাকেন।
তবে ঠিক কী কারণে বা কোন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শালবনি থানার এই আকস্মিক পুলিশি অভিযান, তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। জোড়া এই ঘটনাপ্রবাহে স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে প্রবল রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।

















