কলকাতা: যেখানে-সেখানে থুতু ফেলা বা প্রকাশ্যে প্রস্রাব করার মতো বদভ্যাস যাঁদের রয়েছে, তাঁরা সাবধান। এবার শহরের রাস্তা নোংরা করলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা। বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফ জানিয়ে দিলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকেই গোটা রাজ্যে এই সংক্রান্ত নতুন ও কঠোর নিয়ম লাগু হতে চলেছে। মানুষকে শোধরানোর জন্য আগামী তিন মাস সময় দিচ্ছে নগরোন্নয়ন দফতর।
কত টাকা জরিমানা? কী জানালেন মন্ত্রী?
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তা ময়লা করা, থুতু ফেলা বা প্রস্রাব করার ওপর আমরা কড়া ফাইন বসাচ্ছি। এই জরিমানার পরিমাণ হবে ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা।” তিনি স্পষ্ট করে দেন, শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতেই রাজ্য সরকার এই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আসছে ‘স্বচ্ছ অ্যাপ’ ও ১০০ মিটারে ডাস্টবিন
এই প্রকল্পকে সফল করতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন পুরমন্ত্রী। তিনি জানান, আপাতত রাজ্যের ১০টি পুরসভাকে বেছে নিয়ে ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে একটি বিশেষ ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার জন্য গোটা রাজ্যে প্রতি ১০০ মিটার দূরত্বে ডাস্টবিন বসানো হবে। রাস্তায় চিপসের প্যাকেট, জলের বোতল বা অন্য কোনও ময়লা ফেললে দিতে হবে জরিমানা।
রাস্তায় চলাচলকারী প্রত্যেকটি বাসে বাধ্যতামূলকভাবে ‘ওয়েস্ট ব্যাগ’ (Waste Bag) রাখতে হবে, যাতে যাত্রীরা চলন্ত বাস থেকে রাস্তায় নোংরা না ফেলেন। রাস্তাঘাট সাফাইয়ের জন্য নিয়োগ করা হবে ‘নির্মল বন্ধু’। তাঁরা দিনে দু’বার করে রাস্তা ঝাঁট দেবেন এবং বিনিময়ে দৈনিক ২০০ টাকা করে পাবেন।
টোটোচালকদের জন্য বিশেষ বার্তা
শহরের যানজট ও পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণে টোটোচালকদের উদ্দেশ্যেও কড়া ও মানবিক বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পল। তিনি বলেন, “টোটো বন্ধ করে আমরা কারও পেটে লাথি মারব না। কিন্তু যেখানে-সেখানে টোটো দাঁড় করিয়ে জটলা করা চলবে না। পুরসভাগুলিকে দরকার পড়লে নির্দিষ্ট টোটো স্ট্যান্ড করে দিতে হবে। ভিড় এলাকাগুলিতে যাত্রীরা স্ট্যান্ড থেকে লাইন দিয়ে টোটোয় উঠবেন।” সরকারের এই কড়া দাওয়াইয়ের পর রাজ্যের পুর এলাকাগুলির চেহারা কতটা বদলায়, এখন সেটাই দেখার।



















