সংবাদদাতা, শিলিগুড়ি: বাগডোগরায় শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তের প্রশংসা করে পরিবর্তন ও নতুনত্বের বার্তা দিলেন গায়ক কুমার শানু। বাগডোগরায় এসে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবর্তন নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন জনপ্রিয় গায়ক কুমার শানু (Kumar Sanu)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে এখন পরিবর্তনের হাওয়া স্পষ্ট এবং ভবিষ্যতে আরও নতুনত্ব আসবে বলেই তাঁর বিশ্বাস।
বাগডোগরায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুমার শানু বলেন, “ফ্যান্টাস্টিক, এখন সবকিছু বদলে গিয়েছে। আমার খুব ভালো লাগছে। আর আগামী দিনে আরও ইনোভেশন হবে। এখন ইনোভেশনের সময় এসেছে।”
রাজ্যের বর্তমান প্রশাসন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বিশেষভাবে উল্লেখ করেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম। তাঁর কথায়, “যেভাবে শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা অসাধারণ।”
গায়কের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে রাজ্যের রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তাঁর ইতিবাচক মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
যদিও কুমার শানু মূলত সাংস্কৃতিক ও সঙ্গীত জগতের মানুষ, তবুও বিভিন্ন সময়ে সমাজ ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্য শিরোনামে উঠে এসেছে। এবারও বাগডোগরায় তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে চর্চা অব্যাহত রয়েছে। সেই আবহেই জনপ্রিয় শিল্পীর মুখে “পরিবর্তন” এবং “ইনোভেশন”-এর বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।




















