Humayun Kabir: শেষ সিজনে একেবারে তথৈবচ পারফরম্যান্স ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের। নিজেদের প্রথম মরসুমের হতাশা কাটিয়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকলেও সেটা সম্ভব হয়নি। একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করে পরাজিত হতে হয় কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধানকে। তারপর মাঝে কয়েকটি ম্যাচ ড্র করলেও জয়ের দেখা মেলেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবনমন হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে দেখা দেয় মহামেডানের। এছাড়াও ইনভেস্টর ও বেতন সংক্রান্ত ইস্যু নিয়ে আগে থেকেই সরগরম ছিল ক্লাব।
যেগুলি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতিতে ক্লাবের সভাপতি পদ থেকে সরে এসেছিলেন আমিরুদ্দিন ববি। শোনা যাচ্ছিল সাদা-কালো ব্রিগেডের নয়া সভাপতি হতে চলেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবীর। সময়ের সাথে সাথেই ক্রমশ তীব্র হয়ে উঠতে শুরু করেছিল সেই সম্ভাবনা। অবশেষে আজ কিছু ঘন্টা আগে ক্লাব তাঁবুতে এসে উপস্থিত হয়েছিলেন হুমায়ুন কবীর। যেখানে তাঁর নামাঙ্কিত জার্সির পাশাপাশি ফুল মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এই নয়া সভাপতিকে।
বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের সঠিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি খেলোয়াড়দের বকেয়া বেতন সংক্রান্ত বিষয় গুলিও তুলে ধরেন এই বিধায়ক। এবার এই তৃতীয় প্রধানের দায়িত্ব আসার পর কতটা এগিয়ে যেতে পারে ব্ল্যাক প্যান্থার্সরা সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। অপরদিকে প্রাক্তন সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ হুমায়ুন কবীরকে ইমেইল করে আমরা জানিয়েছিলাম। সামনেই কলকাতা লিগ শুরু হতে চলেছে। সেক্ষেত্রে সময় বলতে গেলে খুবই কম। তাই এবার আমি তাঁর হাতেই দায়িত্ব তুলে দিলাম। আশা রাখি ক্লাবের ভালোই করবেন।’




















