পকেটে আর থাকবে না কাগজের টাকা? প্লাস্টিকের নোট নিয়ে বড় ইঙ্গিত RBI গভর্নর

মুম্বই: দেশে কি এবার কাগজের নোটের দিন শেষ হতে চলেছে? পকেটে কি এবার আসতে চলেছে প্লাস্টিক বা পলিমার কারেন্সি (Plastic Notes in India)? গত কয়েকদিন ধরে নেটপাড়ায় চলা ...

By Moumita Biswas

Published:

Follow Us
RBI considering plastic notes in India

মুম্বই: দেশে কি এবার কাগজের নোটের দিন শেষ হতে চলেছে? পকেটে কি এবার আসতে চলেছে প্লাস্টিক বা পলিমার কারেন্সি (Plastic Notes in India)? গত কয়েকদিন ধরে নেটপাড়ায় চলা এই জল্পনার অবসান ঘটাল স্বয়ং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার দ্বিমাসিক মুদ্রানীতি (RBI MPC Meeting) ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা।

গভর্নর স্পষ্ট জানিয়েছেন, দেশে পলিমার বা প্লাস্টিকের নোট চালু করার একটি প্রস্তাব বর্তমানে গুরুত্ব সহকারে বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে বিষয়টি এখনো প্রাথমিক স্তরে রয়েছে। (RBI considering plastic notes in India)

   

কী বললেন আরবিআই গভর্নর?

সাংবাদিক বৈঠকে প্লাস্টিক নোটের সত্যতা স্বীকার করে গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, “পলিমার নোট চালু করার একটি প্রস্তাব আমাদের বিবেচনাধীন রয়েছে। এর সুবিধা ও অসুবিধাগুলো আমরা খতিয়ে দেখছি। এটি বাস্তবে রূপ দেওয়া কতটা লাভজনক হবে, তা মূল্যায়ন করা হচ্ছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।” অর্থাৎ, প্লাস্টিক নোটের খবরটি যে স্রেফ গুজব নয়, তা গভর্নরের কথাতেই পরিষ্কার।

কেন কাগজের নোট বদলে প্লাস্টিক আনতে চাইছে RBI?

দেশে ইউপিআই (UPI) বা ডিজিটাল লেনদেন রেকর্ড হারে বাড়লেও, কাগজের নোটের চাহিদাও সমানতালে বাড়ছে। গত ১৫ মে-র হিসাব অনুযায়ী, বাজারে রেকর্ড ৪২.৮৬ ট্রিলিয়ন টাকার নগদ অর্থ প্রচলিত রয়েছে। আর এই বিপুল কাগজের নোট সামলাতে গিয়ে কালঘাম ছুটছে আরবিআই-এর। মূলত দুটি বড় কারণে প্লাস্টিক নোটের কথা ভাবা হচ্ছে:

নোট ছাপানোর আকাশছোঁয়া খরচ: ২০২৪-২৫ অর্থবর্ষে কারেন্সি নোট ছাপানোর খরচ এক ধাক্কায় বেড়ে হয়েছে ৬,৩৭২.৮ কোটি টাকা। যা আগের বছরের (৫,১০১.৪ কোটি টাকা) তুলনায় অনেকটাই বেশি।

ছেঁড়া-ফাটা নোটের পাহাড়: ২০২৫ অর্থবর্ষে বাজার থেকে প্রায় ২৩.৮ বিলিয়ন পিস ময়লা ও ছেঁড়া নোট তুলে নিতে হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ককে, যার মধ্যে ৫০০ এবং ১০০ টাকার নোটই সবচেয়ে বেশি ছিল।

প্লাস্টিকের বা পলিমার নোট কাগজের চেয়ে অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী হয়। ফলে এটি চালু হলে সরকারের পুনঃমুদ্রণ ও ব্যবস্থাপনার কোটি কোটি টাকা বেঁচে যাবে।

এক দশক আগেও হয়েছিল উদ্যোগ

ভারতে প্লাস্টিক নোটের ভাবনা কিন্তু নতুন নয়। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন সরকারের তরফে সংসদে জানানো হয়েছিল যে, দেশের জলবায়ুর বৈচিত্র্য মাথায় রেখে পরীক্ষামূলকভাবে ৫টি শহরে (কোচি, মহীশূর, জয়পুর, শিমলা এবং ভুবনেশ্বর) মোট ১০০ কোটি পিসের ১০ টাকার পলিমার নোট চালু করা হবে। তবে সে সময় প্রযুক্তিগত ও পরিকাঠামো গত সমস্যার কারণে সেই পাইলট প্রজেক্ট স্থগিত হয়ে যায়। এবার বর্তমান অর্থনৈতিক আবহে সেই পুরনো পরিকল্পনাকেই নতুন করে খতিয়ে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google