শিলিগুড়িতে টোটো চলাচলের অনুমতির দাবিতে বিক্ষোভ, পথে নামলেন চালকরা

শিলিগুড়ি, ৫ জুন: শহরের প্রধান সড়কগুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন টোটো চালকরা (Siliguri)। এআইইউটিইউসির ডাকে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক টোটো চালক অংশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Siliguri

শিলিগুড়ি, ৫ জুন: শহরের প্রধান সড়কগুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন টোটো চালকরা (Siliguri)। এআইইউটিইউসির ডাকে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক টোটো চালক অংশ নেন।

এদিন বাঘাযতীন পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে হিলকার্ট রোডে পৌঁছায়। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড। পাশাপাশি “হিলকার্ট রোডে টোটো চলাচলের অনুমতি দিতে হবে” স্লোগানে সরব হয়ে ওঠেন তাঁরা।

   

সংগঠনের দাবি, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ করে দেওয়ায় বহু চালক ও তাঁদের পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। টোটো চালিয়েই বহু মানুষের জীবিকা নির্বাহ হয়। ফলে প্রধান রাস্তাগুলিতে চলাচলের অনুমতি না থাকায় যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি চালকদের আয়ও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।

বিক্ষোভকারীরা জানান, যানজট নিয়ন্ত্রণের নামে টোটো চালকদের জীবিকার উপর আঘাত হানা হচ্ছে। প্রশাসনের উচিত চালকদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

বিক্ষোভকে কেন্দ্র করে হিলকার্ট রোড এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google