চাকদহ: সোমবার সকালে নদীয়ার চাকদহ বিধানসভা এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, চাকদহের রাউতেরি পঞ্চায়েতের অধীনস্থ ১ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি উত্তম দের বাড়ির একেবারে সদর দরজার সামনেই পড়েছিল এই বোমাটি। এই ঘটনায় গেরুয়া শিবিরের এই নেতার পরিবার তো বটেই, পাশাপাশি গোটা এলাকার বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে খবর, পেশায় বেসরকারি সংস্থার কর্মী উত্তম বাবু রাজনীতির ময়দানেও বেশ সক্রিয়। প্রতিদিনের মতো রবিবার রাতেও তিনি নাইট ডিউটিতে গিয়েছিলেন। সোমবার সকালে কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফেরেন, তখনই তাঁর চোখ চড়কগাছ হয়ে যায়। তিনি দেখেন, তাঁর বাড়ির মূল প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকে রাখা রয়েছে একটি তাজা বোমা। (Bomb Recovered Outside BJP Leader House)
পরিবার ও প্রতিবেশীদের মনে চরম আতঙ্ক
এই মারাত্মক ঘটনার পর রীতিমতো আতঙ্কে সিঁটিয়ে রয়েছে গোটা পরিবার। বিজেপি নেতা উত্তম দে অত্যন্ত শঙ্কিত গলায় জানান, “সকালে ডিউটি থেকে ফিরে গেটের বাঁ দিকে হঠাৎই বোমাটি দেখতে পাই। এর পর থেকেই আমার বাড়ির লোক এবং পাড়া-প্রতিবেশীরা চরম ভয়ের মধ্যে রয়েছেন। কেন বা কারা মাঝরাতে এসে এভাবে আমার বাড়ির সামনে বোমা রেখে গেল, তা কিছুই মাথায় ঢুকছে না।”
তদন্তে নামল চাকদহ থানা
বাড়ির সামনে বোমা দেখার পরপরই তড়িঘড়ি খবর পাঠানো হয় স্থানীয় পুলিশ-প্রশাসনে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার একটি বড় পুলিশ বাহিনী। পুলিশ ইতিমধ্যে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেছে। তবে এই ঘটনার পেছনে কোনও গভীর রাজনৈতিক শত্রুতা লুকিয়ে রয়েছে, নাকি এর পেছনে অন্য কোনও ব্যক্তিগত আক্রোশ কাজ করছে— তা খতিয়ে দেখতে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।



















