
কলকাতা: জমানা বদলের পরেই এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে এক যুগান্তকারী ও ঐতিহাসিক বদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার একটি উচ্চপর্যায়ের স্বাস্থ্য বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবার বাংলায় সম্পূর্ণ রূপে কার্যকর হতে চলেছে মোদী সরকারের ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প। একই সঙ্গে বিগত সরকারের ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের ভবিষ্যৎ নিয়ে আমজনতার মনে যে চরম আশঙ্কা তৈরি হয়েছিল, এদিন তাও এক ঝটকায় দূর করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, জুলাই মাস থেকেই বাংলার মানুষ কেন্দ্রের এই মেগা স্বাস্থ্যবিমার সুবিধা পেতে শুরু করবেন। (Ayushman Bharat in West Bengal)
কারা পাবেন এই সুবিধা? আশঙ্কা ওড়ালেন মুখ্যমন্ত্রী
বিগত তৃণমূল সরকারের জমানায় চালু হওয়া ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের উপভোক্তারা কেন্দ্রের এই ৫ লক্ষ টাকার বিমার সুবিধা পাবেন কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে বিস্তর প্রশ্ন ছিল। এদিন সমস্ত জল্পনা উড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, “এই মুহূর্তে রাজ্যে যাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন, তাঁরা সরাসরি কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চলে আসবেন। কাউকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।” সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় এই মুহূর্তে প্রায় ৬ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। তাঁরা প্রত্যেকেই এবার সরাসরি মোদী সরকারের এই ফ্ল্যাগশিপ হেলথ স্কিমের সুবিধা পাবেন।
জুলাই থেকেই মিলবে নতুন কার্ড, বাড়বে পরিধি
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকেই রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড বিলির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যাঁরা বর্তমানে স্বাস্থ্যসাথীর উপভোক্তা, তাঁরা তো এই সুবিধা পাবেনই, তার পাশাপাশি এই প্রকল্পের পরিধি আরও বৃহৎ আকারে বিস্তার করা হবে। নতুন করে যাঁরা এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমার সুবিধা পেতে চান, তাঁরাও আগামী জুলাই মাস থেকেই আবেদন করতে পারবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতায় এসেই কেন্দ্রের এই মেগা প্রকল্প রাজ্যে চালু করে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে এবার দিল্লির মডেল অনুসারেই ঢেলে সাজাতে চলেছে নতুন সরকার।













