কলকাতায় শুরু বৃষ্টি! ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, কোন কোন জেলা ভিজবে?

কলকাতা: সকাল থেকে চড়া রোদের দাপট থাকলেও, বিকেল গড়াতেই ভোলবদল কলকাতার আকাশের। ইতিমধ্যেই মহানগরের বেশ কিছু অংশে মেঘের ঘনঘটার সাথে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দফতর ...

By Moumita Biswas

Published:

Follow Us
Kolkata Weather Kalbaishakhi Alert

কলকাতা: সকাল থেকে চড়া রোদের দাপট থাকলেও, বিকেল গড়াতেই ভোলবদল কলকাতার আকাশের। ইতিমধ্যেই মহানগরের বেশ কিছু অংশে মেঘের ঘনঘটার সাথে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, এই মেঘ-বৃষ্টির খেলা স্রেফ সাময়িক স্বস্তি দেবে, গরমের স্থায়ী কোনোও সমাধান এখনই হচ্ছে না। উল্টে দুই ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণে আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। (Kolkata Weather Kalbaishakhi Alert)

নেপথ্যে জোড়া ঘূর্ণাবর্তের খেল

হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি পশ্চিম বিহার ও তার পার্শ্ববর্তী এলাকার উপর তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হুহু করে স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে, যার জেরে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।

   

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন ঝড়বৃষ্টি?

বুধবার (আজ বিকেল): বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড় ধেয়ে আসতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার: বৃহস্পতিবার বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর শুক্রবার এই তিন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান ও পুরুলিয়াতেও ঝড়বৃষ্টির দাপট বাড়বে। আগামী শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত সতর্কতা জারি রাখা হয়েছে।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে যখন সাময়িক ঝড়বৃষ্টির খেলা চলছে, তখন উত্তরবঙ্গে নামতে চলেছে বৃষ্টির ঢল। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে। আর শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেমি) লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া চলবে।

কলকাতার তাপমাত্রার খতিয়ান

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। অন্যদিকে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলের পর ঝড়বৃষ্টির জেরে পারদ কিছুটা নামলেও, গুমোট ভাব ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google