মুম্বই: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর অপব্যবহার এখন তারকাদের জন্য এক বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। অমিতাভ বচ্চন থেকে সলমন খান, অনেকেই নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন বলিউড ডিভা আলিয়া ভাট। একটি পাকিস্তানি পোশাক ব্র্যান্ড বিনা অনুমতিতে তাঁর ছবি AI-এর সাহায্যে বিকৃত করে নিজেদের প্রচারে ব্যবহার করায় সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।
কী এই ‘AI-ফাঁদ’?
সম্প্রতি ‘Wajayesha Official’ নামের একটি পাকিস্তানি পোশাক ব্র্যান্ড তাদের ইনস্টাগ্রাম পেজে আলিয়া ভাটের কয়েকটি ছবি পোস্ট করে। ক্যাপশনে লেখা হয়, “আলিয়া ভাটও আমাদের পিওর শিশা সিল্ক কালেকশন পছন্দ করেন!!” প্রাথমিকভাবে ভক্তরা চমকে গেলেও, একটু লক্ষ্য করতেই বোঝা যায় যে আলিয়ার পুরনো ছবিগুলিকে AI-এর সাহায্যে বদলে ব্র্যান্ডের পোশাক পরানো হয়েছে।
ক্ষুব্ধ ভক্তরা, ব্র্যান্ডের ‘ডোন্ট কেয়ার’ ভাব Alia Bhatt AI Image Misuse
বিনা অনুমতিতে এমন সস্তা মার্কেটিং স্টান্ট দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন আলিয়ার অনুরাগীরা। কমেন্ট বক্সে একজন লেখেন, “এটি সস্তা AI মার্কেটিং।” অন্য এক ভক্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, “আলিয়া আপনাদের বিরুদ্ধে মামলা করবেন!” কিন্তু আশ্চর্যজনকভাবে, ব্র্যান্ডটি বিন্দুমাত্র ভয় না পেয়ে পালটা লেখে, “প্লিজ ভাইরাল করুন, যাতে ওঁর কাছেও খবরটা পৌঁছয়।” আইনি নোটিসের হুমকির জবাবে ব্র্যান্ডটির উদ্ধত জবাব, “না, উনি কোনও মামলা করবেন না।”
কী এই ‘পার্সোনালিটি রাইটস’?
কোনও ব্যক্তির নাম, ছবি, কণ্ঠস্বর বা ব্যক্তিগত বৈশিষ্ট্য বিনা অনুমতিতে বাণিজ্যিক কাজে ব্যবহার করা বেআইনি। একেই ‘পার্সোনালিটি রাইটস’ বলা হয়। এর দুটি ভাগ রয়েছে, ‘রাইট অফ পাবলিসিটি’ (বাণিজ্যিক শোষণের বিরুদ্ধে) এবং ‘রাইট টু প্রাইভেসি’। AI ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারে এই অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে।
আলিয়ার আগামী প্রজেক্ট
দীর্ঘ এক বছরের বিরতির পর যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা-কেন্দ্রিক ছবি ‘আলফা’-র মাধ্যমে বড়পর্দায় ফিরছেন আলিয়া। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিতে আরও রয়েছেন শর্বরী, অনিল কাপুর ও ববি দেওল। আগামী ১০ জুলাই ছবিটি মুক্তি পাবে। এছাড়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিনেত্রীকে।




















