কলকাতা: সোমবার ঘরের মাঠে ফের নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এটি আইপিএল ২০২৬-এর (IPL 2026) দ্বাদশতম ম্যাচ এবং নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের আলাদাভাবে তৃতীয় ম্যাচ। ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছে কলকাতা। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে হায়দ্রাবাদের কাছে পরাজিত নাইটরা। দুই ম্যাচেই তারা ২০০-এর বেশি রান করেছে। তাও জয়ের মুখ দেখেনি নাইট শিবির। কোথাও না কোথাও বোলিং বিভাগ ভোগাচ্ছে কেকেআর-কে।
উল্টোদিকে ১৯তম আইপিএলে যাত্রা টা গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচেও পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে প্রীতি জিন্টার দল। এখনো পর্যন্ত জেতার উদ্যমেই রয়েছে পাঞ্জাব শিবির।
আইপিএল রেকর্ড অনুযায়ী, এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে পরিসংখ্যানে কলকাতা ২১টি ম্যাচ জিতে এগিয়ে, পাঞ্জাব ১৩টি ম্যাচ জিতে পিছিয়ে এবং ১টি অমীমাংসিত। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে তারা একে অপরের বিরুদ্ধে নেমেছে ১৪ বার। যেখানে ৯ বার জিতেছে কলকাতা এবং ৪ বার জিতেছে পাঞ্জাব।
ইডেন গার্ডেনসের পিচ ব্যাটিং এর জন্য আদর্শ। ২০০-এর উপর রান উঠতেই পারে। তবে আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সোমবার কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা থাকবে প্রায় ২৭° সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে ৬৮ শতাংশ।
কলকাতার সম্ভাব্য একাদশ: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, আশীর্বাদ মুজারাবানি।
ইমপ্যাক্ট প্লেয়ার: কার্তিক তিয়াগী।
পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশাক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রিয়াংশ আর্য।




















