শুরু হয়ে গিয়েছে এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬ (AFC U20 Womens AsianCup)। রবিবার থাইল্যান্ডের পাথুম থানি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ -এর বিপক্ষে নামবে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল। ম্যাচটি শুরু ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ২:৩০ মিনিটে। ম্যাচটি ফ্যানকোড-এ সরাসরি সম্প্রচার করা হবে।
এশিয়ান কাপ ২০২৬ এর উদ্বোধনী ম্যাচে জাপানের কাছে ৬ গোল খেয়েছে ভারতের তরুণীরা। ধরা পড়েছে অনেক দুর্বলতা। উল্টোদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বড় সাফল্য পেয়েছিল অস্ট্রেলিয়া। চাইনিজ তাইপেকে ৫-০ ব্যবধানে হারিয়ে আজ তারা নামছে ভারতীয়দের বিপক্ষে। স্বাভাবিকভাবেই ম্যাচ জেতার প্রেরণা তুঙ্গে।
অন্যদিকে নিজেদের দুর্বলতা কাটিয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জেতার লক্ষ্যে মাঠে নামবে ব্লু টাইগ্রেসরা। ভারতীয় দলের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে এগিয়ে যেতে হলে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ফল করতেই হবে ভারতের মেয়েদের। এখন দেখার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দল টুর্নামেন্টে ফিরতে পারে কি না।
ভারতের প্রধান কোচ জোয়াকিম আলেক্সান্ডারসন এই ম্যাচে জয়ের জন্য কঠোর মানসিকতার ওপর জোর দিয়েছেন। তাঁর কথায়, “আমাদের মানসিকতা হলো সামনে এগিয়ে যাওয়া। আমি মেয়েদের বলেছি যে আমরা প্রথমার্ধে খুব ভালো খেলেছি এবং একটি ভালো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি। আমাদের শুধু এই ধারাটা বজায় রাখতে হবে।” এছাড়া রক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এই সুইডিশ কোচ।




















