কলকাতা: আগামী মাসের শেষেই রয়েছে বিধানসভা নির্বাচন (WB Assembly Election)৷ কয়েক সপ্তাহ আগেই সেই কথা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। সেই নিয়ে এখন সরগরম গোটা রাজ্য। নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি রাজনৈতিক দল। প্রার্থী তালিকার পাশাপাশি জনসংযোগ এবং প্রচারে ও চমক রাখার প্রচেষ্টা রয়েছে সকলের। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে নিরাপত্তার বিষয়টি। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, এই দুই দফার মধ্য দিয়ে রাজ্যে পরিচালিত হবে বিধানসভা ভোট। তারপর মে মাসের চতুর্থ দিনে ফল প্রকাশ।
সেইমতো তোরজোড় শুরু করে দিয়েছে কমিশন। তবে এই নির্বাচনের প্রভাব পড়তে পারে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে। বর্তমানে সাময়িক বিরতি থাকলেও এপ্রিলের প্রথম থেকেই ফের শুরু হবে ম্যাচ। সেক্ষেত্রে কলকাতার বুকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে হবে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে ভোট পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে ক্লোজড ডোর হিসেবেই হতে পারে কয়েকটি ম্যাচ। সূচি অনুসারে দেখলে নির্বাচন আবহে আগামী ১১,১৬ এবং ২৪শে এপ্রিল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের।
এক্ষেত্রে চেন্নাইয়িন এফসির পাশাপাশি বেঙ্গালুরু এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে হবে অস্কার ব্রুজোর ছেলেদের। তবে বিশেষ সূত্র জানা গিয়েছে, আসন্ন বেঙ্গালুরু ম্যাচ পর্যন্ত স্টেডিয়ামে দর্শক প্রবেশ সাধারণ থাকলেও ২৪শে এপ্রিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিরুদ্ধে হয়তো দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ খেলতে হতে পারে সাউল ক্রেসপো থেকে শুরু করে ইউসেফ ইজ্জেজারিদের। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে এই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর।




















