কলকাতা: শেষ কয়েক সিজন থেকে একেবারেই ফর্মে নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইভান জামানার অবসান ঘটার পর মিকেল স্ট্যাহরের হাতে এসেছিল দলের দায়িত্ব। কিন্তু গতবার তাঁর তত্ত্বাবধানে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণের এই দলটি। যারফলে মরসুমের শেষ লগ্নে ডেভিড কাতলার হাতে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। সেবার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হয়ে সুপার কাপ থেকে বিদায় নিলেও মনে করা হয়েছিল তাঁর হাত ধরেই হয়তো দাপটের সাথে আইএসএল শুরু করবে কেরালা। কিন্তু সেটা হয়নি। দল পয়েন্ট নষ্ট করেছে একের পর এক ম্যাচে।
প্রথম ম্যাচে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আটকে যেতে হয়েছিল রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির কাছে। একইভাবে আটকে যেতে হয়েছিল তৃতীয় ও চতুর্থ ম্যাচে। আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশীর পাশাপাশি ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে লড়াই করে ও পয়েন্ট পাওয়া সম্ভব হয়নি তাঁদের পক্ষে। পঞ্চম ম্যাচে প্রথম পয়েন্ট ঘরে তুলেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত তাঁরা আটকে দিয়েছিল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ফুটবল দলকে। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তীতে পাঞ্জাব ম্যাচ খেলতে নামলেও ধাক্কা খায় দল।
এই হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই কোচ বদলের আভাস মিলতে শুরু করেছিল বিভিন্ন মাধ্যমে তরফে। এই মুহূর্তে দাঁড়িয়ে ৬ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। দলের এই বেহাল পরিস্থিতির কথা মাথায় রেখেই ডেভিড কাতলার সঙ্গে চুক্তি ছিন্ন করতে চলেছে ম্যানেজমেন্ট। কিন্তু কে হবেন নতুন কোচ? সেক্ষেত্রে সপ্তাহ কয়েক ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ব্রিটিশ কোচ অ্যাশলি ওয়েস্টউডের নাম। ইন্ডিয়ান সুপার লিগে তিনি নতুন নয়। একটা সময় বেঙ্গালুরু এফসির পাশাপাশি এটিকে এবং পাঞ্জাব এফসির ও দায়িত্ব পালন করেছিলেন এই ইংলিশ ম্যানেজার।
বর্তমানে সব ঠিকঠাক থাকলে তাঁর হাতেই হয়তো উঠবে দলের দায়িত্ব। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছেন এই বিদেশি কোচ। খুব শীঘ্রই হয়তো তাঁর যোগদানের কথা জানিয়ে দেবে কেরালা ব্লাস্টার্স।




















