নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশে জ্বালানি সঙ্কটের জল্পনার মাঝেই হঠাৎ করে রটে যায় যে, দেশে নাকি ফের কোভিডের মতো দেশব্যাপী লকডাউন হতে চলেছে। এই জল্পনা এবং আতঙ্কের মাঝেই এবার কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। শুক্রবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, লকডাউনের এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। কেন্দ্রীয় সরকারের অন্দরে এই ধরনের কোনও চিন্তাভাবনাই নেই।
লকডাউন নিয়ে কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী?
সামাজিক মাধ্যম এক্স (X)-এ একটি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি লিখেছেন, “ভারতে লকডাউন জারির গুজব সম্পূর্ণ মিথ্যে। আমি স্পষ্ট করে জানাতে চাই যে, ভারত সরকারের কাছে এই মুহূর্তে এমন কোনও প্রস্তাব বিবেচনার স্তরে নেই। এই কঠিন সময়ে আমাদের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।”
হরদীপ সিং পুরী আরও জানান, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের নাগরিকদের জন্য জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিনের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।” বিশ্বব্যাপী এই অনিশ্চয়তার মাঝেও ভারত যে ঘুরে দাঁড়ানোর অদম্য ক্ষমতা দেখিয়েছে, সেই কথাও মনে করিয়ে দেন তিনি।
কেন ছড়াল লকডাউনের গুজব?
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে অন্যতম এনার্জি করিডোর ‘হরমুজ প্রণালী’ অবরুদ্ধ। এর ফলে দেশজুড়ে রান্নার গ্যাস (LPG) সরবরাহে ঘাটতি এবং একাধিক পেট্রোল পাম্পে তেলের আকাল দেখা দিতে পারে বলে খবর ছড়ায়। তেলের ট্যাঙ্ক ফুল করার জন্য পাম্পে পাম্পে সাধারণ মানুষের ‘প্যানিক বায়িং’ (Panic Buying) শুরু হয়ে যায়। আর জ্বালানির এই আকালের জল্পনা থেকেই দেশজুড়ে ফের লকডাউনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত।
তেলের মজুত নিয়ে কী জানিয়েছিলেন প্রধানমন্ত্রী?
কেন্দ্রীয় মন্ত্রীর এই বার্তার কয়েকদিন আগেই সংসদে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, আতঙ্কের কোনও কারণ নেই। সরকার সমস্ত সম্ভাব্য উৎস থেকে গ্যাস এবং অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশের তেলের ভাণ্ডার যে সম্পূর্ণ সুরক্ষিত, সেই কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গত ১১ বছরে কেন্দ্রীয় সরকার ৫৩ লক্ষ মেট্রিক টন কৌশলগত তেলের মজুত গড়ে তুলেছে। আগামী দিনে আপৎকালীন পরিস্থিতির জন্য আরও ৬৫ লক্ষ মেট্রিক টন তেলের ভাণ্ডার তৈরি করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি।




















