টাটানগর: দেশের দ্রুতগতির এবং আধুনিক ট্রেন পরিষেবার অন্যতম প্রতীক বন্দে ভারত এক্সপ্রেস৷ কিন্তু সেই ট্রেনেই এবার খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে৷ এক যাত্রীর দাবি, তাঁকে দেওয়া দইয়ের মধ্যে কিলবিল করছিল পোকা৷ এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷
ঘটনাটি ঘটেছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে৷ রিতেশ কুমার নামে এক যাত্রী ট্রেনে পরিবেশিত খাবার খাওয়ার সময় এই অস্বাভাবিক বিষয়টি লক্ষ্য করেন৷ তাঁর অভিযোগ, খাবারের ট্রে-তে থাকা দইয়ের বাটির ভিতরে একাধিক পোকা নড়াচড়া করছিল৷ তিনি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং ট্রেনের কর্মীদের বিষয়টি জানান৷
পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়৷ ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, দইয়ের ভিতরে পোকা রয়েছে৷ শুধু দই নয়, খাবারের ট্রে-তেও সাদা পোকা থাকার অভিযোগ ওঠে৷
এই দৃশ্য দেখে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন৷ ভিডিও ভাইরাল হওয়ার পর রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে৷ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়৷ একটি অন্য ভিডিওতে দেখা যায়, রেলের আধিকারিকরা টর্চের আলো ফেলে দই পরীক্ষা করছেন৷ সেই সময়ই পোকা থাকার বিষয়টি নিশ্চিত হয় বলে জানা যায়৷
এরপরই কড়া পদক্ষেপ গ্রহণ করে রেল মন্ত্রক৷ জানানো হয়েছে, ২০২৬ সালের ১৫ মার্চ ২১৮৯৬ নম্বর পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে এই অভিযোগ ওঠে৷ তদন্তের পর আইআরসিটিসিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে৷ পাশাপাশি সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে৷ একই সঙ্গে তাদের সঙ্গে থাকা চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে৷
রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবার মান বজায় রাখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য নজরদারি আরও জোরদার করা হবে৷ তবে এই ধরনের অভিযোগ নতুন নয়৷
এর আগেও বহুবার ট্রেনের খাবারে পোকা বা অস্বাস্থ্যকর উপাদান পাওয়ার অভিযোগ উঠেছে৷ ফলে যাত্রীদের মধ্যে রেলের খাবারের মান নিয়ে উদ্বেগ বাড়ছে৷ এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, কেন বারবার এই ধরনের সমস্যা সামনে আসছে? শুধুমাত্র জরিমানা নয়, আরও কড়া ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ৷




















