দাসপুর: দাসপুরে নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্য তুলে ধরেন৷ তিনি সাধারণ মানুষের কাছে দাসপুরের তৃণমূল প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান এবং বিরোধীদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন৷ সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে এবং আগামী দিনে এই উন্নয়নের ধারা আরও জোরদার করা হবে৷ এই প্রসঙ্গে তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন৷ প্রথমত, লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পৌঁছে দেওয়া হবে৷
দ্বিতীয়ত, রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করবে৷ তৃতীয়ত, দুয়ারে সরকারের মাধ্যমে ব্লকভিত্তিক ক্যাম্প করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে৷ চতুর্থত, বাংলা আবাস যোজনার অধীনে গরিব মানুষের জন্য পাকা ঘরের ব্যবস্থা করা হবে৷ কেন্দ্রীয় সাহায্য না পেলেও রাজ্য সরকার নিজের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে৷ পঞ্চমত, প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা দ্রুত ও সহজে প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷
তিনি দাসপুর বিধানসভা এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের পরিসংখ্যানও তুলে ধরেন৷ লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে ১,২৭,৬৭০ জন মহিলা উপকৃত হয়েছেন৷ স্বাস্থ্যসাথীর মাধ্যমে প্রায় ৪,৪০,০০০ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন৷ এছাড়া খাদ্যসাথীর মাধ্যমে ৪,৬৭,০০০ মানুষ প্রতিমাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন৷ বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে গত দুই বছরে ১৩,৯০১ জন মানুষ নতুন পাকা ঘর পেয়েছেন৷ এই উন্নয়নমূলক কাজ তুলে ধরে তিনি দাবি করেন, তৃণমূল সরকার মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে৷




















