মুম্বই: ইউরোপ বা আমেরিকাতে বর্ণবিদ্বেষের অভিযোগ প্রকাশ্যে এসেছে একাধিকবার। কিন্তু এবার বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল বিসিসিআইয়ের (BCCI) বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। তাঁর দাবি, গায়ের রং কালো হওয়ায় কোনও প্রাধান্য দেওয়া হয়নি তাঁকে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লক্ষ্মণ শিবরামকৃষ্ণন লিখেছেন, “আমি বিসিসিআইয়ের ধারাভাষ্যের দায়িত্ব থেকে অবসর নিচ্ছি। ২৩ বছর ধরে কাজ করার পরও আমাকে টস বা পুরস্কার বিতরণীর জন্য ডাকা হয় না আমাকে। নবাগতরা এসে পিচ রিপোর্ট করছে। যখন রবি শাস্ত্রী কোচিং করাচ্ছিল, তখনও তারা সুযোগ পেয়েছে। কেন বাদ পড়লাম? কী কারণ হতে পারে বলে আপনারা মনে করেন? আমার অবসর এমন কিছু ভালো খবর নয়। তবে এতে অনেক টিভি চ্যানেলের কাহিনি বুঝতে পারবেন। আশা করি, খুব তাড়াতাড়ি আপনারা বড় ছবিটা দেখতে পারবেন।“
তিনি আরও লিখেছেন, “এই অবসর একটা গল্পের শুরু যা প্রকাশ্যে এলে সাধারণ মানুষ, ক্রিকেট সমর্থক থেকে সকলে চমকে যাবেন। যাঁরা আমাকে ঘৃণা করতেন তাঁরা শান্তি পেয়েছেন দেখে খুব ভাল লাগছে। যাঁরা মনে করেছেন আমি ভদ্র, তাঁদের ধন্যবাদ। বিসিসিআই এ সব বিশ্বাসই করতে পারবে না।“ তাঁর পোস্টে একজন জানতে চান যে “আপনি কি বর্ণবিদ্বেষের শিকার”। জবাবে লক্ষ্মণ শিবরামকৃষ্ণন জানান, “ঠিক বলেছেন, গায়ের রঙের জন্য।“ উল্লেখ্য, ভারতের হয়ে ৯ টি টেস্ট ও ১৬ টি ওয়ানডে খেলেছেন তামিল ক্রিকেটার।




















