কলকাতা: চৈত্র মাসেই দেখা মিলেছে কালবৈশাখীর৷ রাজ্যজুড়ে বারবার ঝড়বৃষ্টি ও বজ্রপাতের প্রভাবে স্বাভাবিক গরম এখনও দেখা যাচ্ছে না৷ এই পরিস্থিতিতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আজ অর্থাৎ শুক্রবার রয়েছে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস৷
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার ২০ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি ও হাওড়ায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে৷ অন্যান্য জেলাগুলিতেও ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে৷
শনিবার অর্থাৎ ২১ মার্চ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল৷ সেই সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে৷ আবহাওয়া দফতর এই সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে৷ রবিবার অর্থাৎ ২২ মার্চ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হবে না৷ পশ্চিমাঞ্চলের কিছু জেলা ও গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, যদিও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
উত্তরবঙ্গেও একই ধরনের আবহাওয়া বিরাজ করছে৷ শুক্রবার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শনিবারও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি এবং ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে৷




















