তেহেরান: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে ফুটবল মাঠেও। প্রথমে বিশ্বকাপকে (FIFA World Cup) বয়কট করবে ইরান, এমনটাই শোনা গিয়েছিল। তবে এবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল বিশ্বকাপ খেলবে ইরান। কিন্তু বয়কট করবে আমেরিকাকে। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ। এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। এছাড়া কানাডা, মেক্সিকো।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়ে দিয়েছেন, “আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেব। আমরা আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।“ বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, নিউজিল্যান্ড। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে আমেরিকায়। কিন্তু মার্কিন মুলুক থেকে সেই ম্যাচগুলি সরিয়ে মেক্সিকোয় করতে চাইছে ইরান। ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানিয়েছে, “প্রয়োজন হলে মেক্সিকো ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। মেক্সিকো বিশ্বের সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। তাই ফিফা কী সিদ্ধান্ত নেয়, আমরা সেটার অপেক্ষা করব।“
গত সপ্তাহে ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, “ইরান শত্রু হলেও সেদেশের ফুটবল নয়। ইরানের ফুটবল দল যদি বিশ্বকাপে খেলতে যায়, তাহলে কোনওরকম সমস্যা হবে না। আমেরিকা তাঁদের স্বাগতই জানাবে। এই পরিস্থিতিতে আরও বেশি করে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা দরকার। আমরা চাই ইরানবাসীর সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ুক। ফলে সার্বিকভাবে বিশ্বকাপে কোনও সমস্যা হবে না। ইরান সহ সব দেশকেই বিশ্বকাপে স্বাগত জানাতে তৈরি আমেরিকা।“
গত সোমবার এএফসি-র সচিব দাতো উইন্ডসন জন জানান, “ইরান বিশ্বকাপে খেলবে না, এমন কথা আমরা শুনিনি। ওরা আমাদের সদস্য দেশ। আমরা চাই ওরা খেলুক। আমরা যতদূর জানি, ইরান খেলছে। এটা খুব আবেগপ্রবণ একটা সময়। অনেকে অনেক কথা বলছে। দিনের শেষে ইরান ফেডারেশনই ঠিক করবে ওরা খেলবে কি না। এখনও পর্যন্ত ইরান জানিয়েছে যে, ওরা বিশ্বকাপে যাচ্ছে।“




















