কলকাতা: টানা ৪ ম্যাচে অনবদ্য জয় পেয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। চলতি মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল বেঙ্গালুরু। এই ম্যাচে গোলশূন্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। আগামী শুক্রবার আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। এই ম্যাচের আগে অনুশীলনে নেমে ঘোর বিপাকে পড়লেন বিদেশি ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। চোট পেয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে বিদেশি ডিফেন্ডারকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অনুশীলনে কিয়ান নাসিরির সঙ্গে সংঘর্ষে চোট পান আলবার্তো রডরিগেজ। সেই জন্য দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। কিছুক্ষণ সাইডলাইনে সাইক্লিংও করেন। রিহ্যাব করছেন রডরিগেজ। শোনা যাচ্ছে, আলবার্তোর চোট খুব একটা গুরুতর নয়। মনে করা হচ্ছে, বিকল্প প্লেয়ার রয়েছে মোহনবাগান কোচ সার্জিও লোবেরার হাতে। সেই জন্য হয়তো আলবার্তোকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না তিনি। একান্তই যদি আলবার্তো না খেলতে পারেন, বিকল্প হিসেবে টম অলড্রেডকে খেলাতে পারেন বাগান কোচ। সেই ক্ষেত্রে রক্ষণের দায়িত্ব নিতে হবে টম অলড্রেডকে। পাশাপাশি রক্ষণ সামলাবেন মেহতাব সিং, শুভাশিস বসু, জিকসান সিংরা।

অন্যদিকে সুস্থ হয়ে উঠছেন রবসন রবিনহো। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন। বেশ চনমনে দেখিয়েছে তাঁকে। গত ম্যাচগুলিতে তাঁর চোটের জন্য সার্ভিস পায়নি মোহনবাগান। রবিনহো সুস্থ হয়ে ওঠায় মোহনবাগানের কাছে যা এক স্বস্তির খবর। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে কি আলবার্তোকে? এখন এই প্রশ্নের উত্তর অজানা। সময় জানা যাবে এর উত্তর।




















