মুম্বই: আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ হান্ড্রেড লিগ। এর আগে বৃহস্পতিবার এই টুর্নামেন্টের নিলাম ছিল। সেই নিলামে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস। পাক স্পিনারকে দলে নিয়ে ঘোর বিপাকে পড়েছে এই দলের মালকিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের ভাইঝি কাব্য মারান। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সানরাইজার্স লিডসের এক্স অ্যাকাউন্ট। এই আবহে মুখ খুললেন বিসিসিআইয়ের (BCCI) সহ সভাপতি রাজীব শুক্ল।
বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, ‘‘আইপিএলের মধ্যে সীমাবদ্ধ আমাদের অধিকার। অন্য দেশের লিগে কে কী করেছে, তা নিয়ে আমাদের কিছু করার নেই। অন্য দেশের লিগের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। বিদেশের লিগে সেখানকার একটি দল কোনও ক্রিকেটারকে সই করালে আমরা কী করে হস্তক্ষেপ করব? এটা সেই দলের ব্যাপার। যে ফ্র্যাঞ্চাইজ়ি বিদেশে দল কিনেছে, সম্পূর্ণ তাদের ব্যাপার। বিদেশের কোনও লিগে সেখানকার কোনও দল যে দেশেরই ক্রিকেটার নিক, তা নিয়ে আমরা কেন ভাবতে যাব? আইপিএলে তো আর খেলছে না।“ ভারতীয় সংস্থার বিদেশি লিগের দলে আবরারের খেলা নিয়ে উদ্বিগ্ন নন তাঁরা।
উল্লেখ্য, নিলামে আবরারকে নিয়ে ট্রেন্ট রকেটসের সঙ্গে দর কষাকষি হয় সানরাইজার্স লিডসের। অবশেষে নিলামে ২.৩৪ কোটি টাকা দিয়ে সানরাইজার্স লিডস কিনেছে আবরার আহমেদকে। এরপরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ। নেটিজেনদের অভিযোগ, জাতীয় আবেগকে অবহেলা করেছেন কাব্য। বিতর্কের মাঝে সানরাইজার্সের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানান, “আবরারের বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র রয়েছে। বিশেষত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা কেউই আবরারের বোলিং দেখেনি। নিলামে যতজন ক্রিকেটার ছিলেন, প্রত্যেককে নিয়েই আমরা ভাবনাচিন্তা করেছি। বিদেশি স্পিনার অনেকেই ছিলেন। কিন্তু আমরা প্রথম থেকেই আবরারকে দলে চেয়েছি। দলের স্ট্র্যাটেজিতে আবরার অত্যন্ত গুরুত্বপূর্ণ।“
মোট ৮ টি দল অংশ নেবে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে মালিকানা রয়েছে আইপিএলের ৪ টি ফ্র্যাঞ্চাইজির। যেমন – ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। ওভাল ইনভিনসিবলসে শেয়ার রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে ও দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভে।




















