ছাদ ঢালাইয়ের পর মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

কোচবিহার: এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ (Dead) হারালেন পাঁচ শ্রমিক এবং গুরুতর আহত হলেন আরও তিনজন৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গড়কুড়া এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কোচবিহার: এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ (Dead) হারালেন পাঁচ শ্রমিক এবং গুরুতর আহত হলেন আরও তিনজন৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গড়কুড়া এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পাথরের চিপস তৈরির কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর শ্রমিকরা ব্যবহৃত লিফটার মেশিন সরানোর কাজ করছিলেন৷ সেই সময় মেশিনের ওপর থাকা একটি লোহার রড নিচে নামানো হয়নি, আর সেটিই পরে প্রাণঘাতী হয় তাঁদের৷

মেশিন সরানোর সময় রডটি কারখানার উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারে স্পর্শ করতেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা৷ ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে আরও তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন৷

   

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা৷ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি৷ সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, কীভাবে লোহার রডটি উচ্চ ভোল্টেজ লাইনের সংস্পর্শে এল এবং সেখানে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না তা পরীক্ষা করা হচ্ছে৷ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ৷ তিনি বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আহতদের চিকিৎসার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে৷’’

পুলিশ সূত্রে মৃত শ্রমিকদের পরিচয় জানা গিয়েছে৷ তাঁরা হলেন মুকুল বর্মন, রাজু সেন, মিঠুন পাল, সুমন বর্মন এবং সঞ্জয় বর্মন৷ তাঁদের সবার বাড়ি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায়৷ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবার৷ এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google