সোহিনী পোড়েল, কলকাতা: মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘে ঘনিয়েছে অন্ধকার (Middle East Conflict)। একের পর এক ইরানে মিসাইল হামলা ইজরায়েলের। চারিদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের আকাশ পথ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর পরোক্ষ প্রভাব পড়েছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। তড়িঘড়ি এক বিবৃতিও দিয়েছে আইসিসি।
হামলার জেরে আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে যাতায়াতে সমস্যায় পড়ছেন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সম্প্রচারের সঙ্গে যুক্ত কর্মী, বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে থাকা কর্মী, ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী এবং বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। আসল বিষয়টা হল – ভারত থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে দুবাই ব্যবহার করে বহু বিমান। কিন্তু সংঘর্ষের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে দুবাইয়ে বিমান পরিষেবা। সুতরাং, ট্রানজিট পয়েন্ট হিসেবে দুবাই ব্যবহার করতে পারবে না দেশের প্রথম সারির বিমানসংস্থাগুলি।
এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে আমাদের পরিষেবা স্থগিত করা হয়েছে।“ স্পাইসজেটের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “দুবাইতে আকাশসীমা বন্ধ থাকার কারণে, আমাদের কিছু পরিষেবা ব্যাহত হতে পারে।“ ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার বিমানসংস্থাগুলিও পরিষেবা বন্ধ রেখেছে।
উদ্বিগ্ন আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, “বিশ্বকাপের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিয়ে চিন্তিত আমরা। সবার সুরক্ষার কথা মাথায় রাখা আমাদের কর্তব্য। ইতিমধ্যেই আমরা বিকল্প সফরসূচি তৈরি করে ফেলেছি। বিশ্বকাপের সঙ্গে যুক্ত প্রত্যেকে যাতে নিরাপদে ও নিশ্চিন্তে ফিরতে পারে, সেটা নিশ্চিত করতে দিনরাত কাজ করা হচ্ছে।“




















