অরিজিৎ-ম্যাজিক অমলিন! প্রথমবার নিজের সুরে রোমান্টিক গান নিয়ে ফিরলেন গায়ক

কলকাতা: তিনি প্লেব্যাক থেকে বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর সুরের জাদু যে থামবার নয়৷ সেই কথা যেন আবারও প্রমাণ করলেন অরিজিৎ সিং। গত ২৭ জানুয়ারি নতুন কোনো প্লেব্যাক ...

By Moumita Biswas

Published:

Follow Us
Arijit Singh Raina Song

কলকাতা: তিনি প্লেব্যাক থেকে বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর সুরের জাদু যে থামবার নয়৷ সেই কথা যেন আবারও প্রমাণ করলেন অরিজিৎ সিং। গত ২৭ জানুয়ারি নতুন কোনো প্লেব্যাক অ্যাসাইনমেন্ট না নেওয়ার ঘোষণা দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙেছিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। কিন্তু সেই শোকের মাঝেই বসন্তের বাতাসের মতো হাজির হলো তাঁর নতুন গান ‘রয়না’ (Raina)।

প্রথমবার সুরকারের ভূমিকায় অরিজিৎ

এই গানটি অরিজিতের ক্যারিয়ারে অত্যন্ত স্পেশাল, কারণ এটি তাঁর প্রথম স্বাধীনভাবে সুর করা গান। শেখর রভজিয়ানির সঙ্গে জুটিতে এবং প্রিয়া সারাইয়ার কলমে তৈরি এই গানটি মুক্তি পেয়েছে ‘গরুড় মিউজিক’-এর ব্যানারে। ২০২৩ সালের হিট গান ‘কসম সে’-র পর এই দ্বিতীয়বার শেখরের সঙ্গে কাজ করলেন অরিজিৎ।

   

সোশ্যাল মিডিয়ায় আবেগের জোয়ার Arijit Singh Raina Song

১৭৬ সেকেন্ডের এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ইন্টারনেটে রীতিমতো ঝড় উঠেছে। ভক্তরা বলছেন, প্লেব্যাক ছেড়ে দিলেও অরিজিতের কণ্ঠে সেই পুরনো মায়াজাল এখনও অমলিন। এক অনুরাগী লিখেছেন, “যখন আবেগ কথা বলতে পারে না, তখন সঙ্গীত কথা বলে।” অন্য একজন আবেগপ্রবণ হয়ে লিখেছেন, “গানটি শোনার পর চোখে জল চলে এল। অরিজিতের কনসার্টের স্মৃতিগুলো ফিরে আসছে।” গানটিকে অনেকেই ‘মিনিমাল সাউন্ড, ম্যাক্সিমাম ইমোশন’ বলে আখ্যা দিয়েছেন।

প্লেব্যাক থেকে বিদায়: কী জানিয়েছিলেন গায়ক?

উল্লেখ্য, গত মাসেই অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে তিনি আর নতুন কোনো প্লেব্যাক প্রজেক্টে সই করবেন না। তিনি লিখেছিলেন, “শ্রোতা হিসেবে এতদিন আমায় ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জানাচ্ছি যে এখন থেকে আর নতুন কোনো প্লেব্যাক গাইব না। সফরটা খুব সুন্দর ছিল।”

তবে ভক্তদের জন্য আশার আলো এটাই যে, অরিজিৎ আগেই স্পষ্ট করেছেন, নতুন গান না নিলেও তাঁর অনেক কাজ এখনও অসম্পূর্ণ পড়ে আছে, যা চলতি বছর এবং আগামী বছরেও একে একে মুক্তি পেতে থাকবে। অর্থাৎ, রুপোলি পর্দায় তাঁর নতুন কণ্ঠ শোনা না গেলেও, তাঁর রেকর্ড করা গানগুলো এখনও আমাদের সঙ্গী হবে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google