
নয়াদিল্লি: ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ পড়তেই সাধারণ মধ্যবিত্তের পকেটে ও জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে রেলের টিকিট বুকিং, ১ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই নিয়মগুলো আপনার জেনে রাখা জরুরি।
১. এলপিজি ও জ্বালানির দামে হেরফের
প্রতি মাসের ১ তারিখ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। গত মাসে দাম বেড়েছিল প্রায় ৪৯ টাকা, মার্চেও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মার্চ থেকে সিএনজি ও পাইপলাইনের গ্যাসের দামেও পরিবর্তন আসতে পারে, যা সরাসরি পরিবহন ও হেঁশেলের খরচে প্রভাব ফেলবে।
২. বন্ধ হচ্ছে পুরনো UTS অ্যাপ, আসছে ‘RailOne’ New rules from 1 March
রেলযাত্রীদের জন্য বড় খবর! ১ মার্চ থেকে সাধারণ ও প্ল্যাটফর্ম টিকিট বুকিংয়ের পুরনো UTS অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছে। তার বদলে চালু হচ্ছে নতুন ‘RailOne’ অ্যাপ। এবার থেকে লোকাল ট্রেনের টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট কাটতে এই নতুন অ্যাপই ব্যবহার করতে হবে।
৩. হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে কড়া ‘সিম-বাইন্ডিং’
ডিজিটাল প্রতারণা রুখতে সরকার কড়া নিয়ম আনছে। এবার থেকে আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যাল সরাসরি মোবাইলের সিম কার্ডের সঙ্গে যুক্ত থাকবে।
নিষেধাজ্ঞা: ফোন থেকে সিম খুলে ফেললে বা শুধু ওয়াই-ফাই (Wi-Fi) ব্যবহার করে আর এই অ্যাপগুলি চালানো যাবে না। অর্থাৎ, ফোনে সিম সক্রিয় থাকলেই তবেই মেসেজিং অ্যাপ কাজ করবে।
৪. ইউপিআই লেনদেনে বাড়তি নিরাপত্তা
অনলাইন জালিয়াতি রুখতে ১ মার্চ থেকে বড় অঙ্কের ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে শুধু পিন দিলেই হবে না। অতিরিক্ত বায়োমেট্রিক যাচাই বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হতে পারে। এতে লেনদেন কিছুটা সময়সাপেক্ষ হলেও নিরাপত্তা বাড়বে।
৫. ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের নিয়মে স্বস্তি
বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক জরিমানা কাটার পদ্ধতিতে বদল আনছে। আগে কোনো একদিন অ্যাকাউন্টে টাকা কম থাকলেই জরিমানা কাটা হতো। ১ মার্চ থেকে গড় মাসিক ব্যালেন্সের (Average Monthly Balance) ভিত্তিতে জরিমানা হিসাব করা হবে, যা সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর।
৬. বিমান ভাড়া ও এটিএফ (ATF)
মাসের শুরুতেই বিমান জ্বালানির (এটিএফ) দাম সংশোধন করা হয়। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এটিএফের দাম বাড়লে বিমান ভাড়ায় তার প্রতিফলন দেখা যেতে পারে।

