ফের শহরে অগ্নিকাণ্ড। এবার আগুন সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে (Sector V building fire)। গল গল করে ধোঁয়া বের হতে দেখা গেল সেক্টর ফাইভ গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং থেকে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমদলের ৩টি ইঞ্জিন।
সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪.২০ মিনিট নাগাদ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায় গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং। জানা যাচ্ছে ১২ তলা বিল্ডিংয়ের নীচের তলায় একটি রেস্তরাঁ রয়েছে। সেই রেস্তরাঁয় আগুন লাগে। সঙ্গে সঙ্গে রেস্তরাঁয় থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন কর্মীরা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে দমকল পৌঁছোনোর আগেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
আরও দেখুন: মুখ্য-অর্থ সচিবকে হঠাৎ সুপ্রিম নোটিস কেন ?
অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায় ওই বহুতলে থাকা অফিসের কর্মীদের মধ্যে। তাঁরা রাস্তায় বেরিয়ে আসেন। ধোঁয়ায় কেউ কেউ অসুস্থবোধ করেন। এক মহিলার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




















