
সংসদে জোরালো ভাষণে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পর এবার সোশ্যাল মিডিয়াতেও একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কণ্ঠে। এক্স পোস্টে ‘ডবল ইঞ্জিন’ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে প্রচার চালায়, বাস্তবে সেই ইঞ্জিন চলছে ‘ট্রিপল ট্যাক্স’-এর জোরে।
অভিষেক (Abhishek Banerjee) তাঁর পোস্টে লেখেন, “ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু BJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সংসদে দেওয়া তাঁর বক্তব্যের ধারাবাহিকতাতেই এই সোশ্যাল মিডিয়া পোস্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সংসদে দাঁড়িয়ে অভিষেক অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকারের নীতি ও কর কাঠামোর কারণে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে।

