ট্রাম্পের দাবি ‘অর্থহীন’! ‘যুদ্ধ কবে শেষ হবে, ঠিক করব আমরাই’, কড়া জবাব ইরানের

তেহরান: আমেরিকা-ইজরায়েল এবং ইরানের সংঘাত এবার এক নতুন মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’রকম মন্তব্য করার পরই কড়া প্রতিক্রিয়া দিল ...

By Moumita Biswas

Published:

Follow Us
Iran Israel US War

তেহরান: আমেরিকা-ইজরায়েল এবং ইরানের সংঘাত এবার এক নতুন মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’রকম মন্তব্য করার পরই কড়া প্রতিক্রিয়া দিল তেহরান। ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ (IRGC) কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, এই যুদ্ধের শেষ কবে ও কীভাবে হবে, তা ওয়াশিংটন নয়, তেহরানই ঠিক করবে।

ট্রাম্পের বয়ানে ডিগবাজি

সোমবার মার্কিন সংবাদমাধ্যমের কাছে ট্রাম্প প্রথমে দাবি করেছিলেন যে, ইরান যুদ্ধ “প্রায় শেষ”। সিবিএস নিউজের (CBS News) এক সাংবাদিককে ফোনে তিনি জানান, যুদ্ধ সময়ের অনেক আগেই শেষের পথে এবং ইরানের সামরিক শক্তি কার্যত পঙ্গু হয়ে গিয়েছে। তিনি দাবি করেন, “ওদের আর নৌবাহিনী বা বিমানবাহিনীর কোনও অস্তিত্ব নেই।”
কিন্তু আশ্চর্যের বিষয় হল, এর কয়েক ঘণ্টার মধ্যেই রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যায় তাঁর গলায়। সেখানে ট্রাম্প বলেন, “আমরা অনেক দিক থেকে জিতলেও, এখনও যথেষ্ট জয় পাইনি।” ইরান সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

   

ইরানের পাল্টা মারাত্মক হুঁশিয়ারি Iran Israel US War

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে আইআরজিসি (IRGC)। তাদের এক মুখপাত্র ট্রাম্পের দাবিকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন৷ তিনি বলেন, আমেরিকা ও ইজরায়েলের হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল থেকে “এক লিটার তেলও” রফতানি করতে দেওয়া হবে না। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে, এই অঞ্চলে নিরাপত্তা থাকলে সবার জন্য থাকবে, নইলে কারও জন্য থাকবে না।

তেলের ডিপোয় হামলা ও বিপুল ক্ষয়ক্ষতি

গত সপ্তাহান্তে তেহরান এবং আলবোর্জ প্রদেশের পাঁচটি বড় তেলের ডিপোয় যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। এর ফলে ভয়াবহ আগুন ও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় রাজধানী। সাময়িকভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হলেও প্রশাসন জানিয়েছে দু-তিন দিনের মধ্যে তা স্বাভাবিক হবে। এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির রিপোর্ট অনুযায়ী, এই সংঘাতে এখনও পর্যন্ত ইরানে ১,৩৩২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি সহ ৯,৬৬৯টি অসামরিক পরিকাঠামো ধ্বংস হয়েছে।

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি ইরানের

ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা সহজে পিছু হটবে না। আইআরজিসি জানিয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোনের বিপুল ভাণ্ডার মজুত রয়েছে, যা দিয়ে তারা অন্তত ছ’মাস টানা উচ্চ-তীব্রতার যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আগামী দিনে আরও দূরপাল্লার উন্নত মিসাইল এবং নতুন রণকৌশল ব্যবহারেরও কড়া ইঙ্গিত দিয়েছে তেহরান।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।