‘পরবর্তী সুপ্রিম লিডারকেও খতম করব’, খামেনির শেষকৃত্যের আগেই হুঁশিয়ারি ইজরায়েলের

তেহরান: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের পরমাণু কর্মসূচির জেরে দীর্ঘদিন ধরেই তিনি তেল আভিভ এবং ওয়াশিংটনের লক্ষ্যবস্তু ছিলেন। ...

By Moumita Biswas

Published:

Follow Us
Israel ‘assassination’ notice to successor

তেহরান: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের পরমাণু কর্মসূচির জেরে দীর্ঘদিন ধরেই তিনি তেল আভিভ এবং ওয়াশিংটনের লক্ষ্যবস্তু ছিলেন। তবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই এবার কড়া হুঁশিয়ারি দিল ইজরায়েল। বুধবার ইজরায়েলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, খামেনির পর যিনিই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেবেন, তাঁকেই ‘হত্যার লক্ষ্যবস্তু’ করা হবে।

ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা

খামেনির উত্তরসূরি হিসেবে তাঁর ছেলে মোজতবা খামেনির নাম উঠে আসছে। এই জল্পনার মাঝেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি লিখেছেন, “ইজরায়েলকে ধ্বংস করা, আমেরিকা ও স্বাধীন বিশ্বকে হুমকি দেওয়া এবং ইরানের জনগণকে দমন করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে যে নেতাই দায়িত্ব গ্রহণ করুক না কেন, তাকে নিশ্চিতভাবে হত্যা করা হবে। তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে, তা দিয়ে কিছুই যায় আসে না।”

   

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তিনি যৌথভাবে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে  ‘অপারেশন লায়ন্স রোর’ (Operation Lion’s Roar)-এর অঙ্গ হিসেবে এই মিশন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “ইরানের শাসনব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে এবং সেদেশের সাধারণ মানুষ যাতে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে পারে তার পরিবেশ তৈরি করতে আমরা আমেরিকার সাথে যৌথভাবে পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাব।”

তিন দিনের রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্য Israel ‘assassination’ notice to successor

ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ (Irna) জানিয়েছে, খামেনির মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের বিবৃতি উদ্ধৃত করে জানানো হয়েছে, রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সাধারণ মানুষ তাঁদের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। ৮৬ বছর বয়সী খামেনিকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে, তাঁর নিজের জন্মস্থানে সমাহিত করা হবে।

মোজতবার নাম নিয়ে জল্পনা এবং ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এ হামলা

খামেনির পর কে বসবেন ক্ষমতার শীর্ষে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, খামেনির ছেলে মোজতবাকেই উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে। ‘ওয়াইনেট’ (Ynet) নিউজের রিপোর্ট অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মোজতবার নাম ঘোষণা করতে পারে। তবে ইরানের সরকারি সংবাদমাধ্যমে এখনও এর কোনও আনুষ্ঠানিক সত্যতা স্বীকার করা হয়নি।

এরই মধ্যে মঙ্গলবার ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মীয় পর্ষদ ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর একটি কেন্দ্রে হামলা চালায় ইজরায়েলি সেনা। তেহরানের দক্ষিণে অবস্থিত কোম  শহরের ওই কেন্দ্রে হামলার খবর উভয় দেশের সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে, তবে ফলাফল নিয়ে দুই পক্ষের দাবিতে ভিন্নতা রয়েছে৷

ইজরায়েলের ‘কান নিউজ’-এর দাবি, ওই সময় পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচনের জন্যই সেখানে পর্ষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল।

ইরানের ‘তাসনিম’ (Tasnim) সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার সময় সেখানে এমন কোনও বৈঠক ছিল না। অন্যদিকে, ইরানের অপর এক সংবাদ সংস্থা ‘ফার্স’ (Fars) জানিয়েছে, পর্ষদের সদস্যরা দূরনিয়ন্ত্রিত এবং অন্যান্য সুরক্ষিত পদ্ধতির মাধ্যমে ভোটদান পর্ব পরিচালনা করছেন এবং খুব শীঘ্রই নতুন নেতার নাম ঘোষণা করা হতে পারে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।