বিশ্বকাপ (T20 World Cup) শুরুর ঠিক মুখে এসে যেন আচমকা ধাক্কা খেল ভারতীয় দল (India)। গত কয়েক মাস ধরে দলকে ধীরে ধীরে গড়ে তুলছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর। বিশ্বকাপের আগে সেই কাঠামোয় একের পর এক চোট ঢুকে পড়ায় অঙ্কটা জটিল হয়ে উঠেছে। হর্ষিত রানার ছিটকে যাওয়া, ওয়াশিংটন সুন্দরের দেরিতে যোগ দেওয়া। সব মিলিয়ে ভারতের প্রথম একাদশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে একটা বিষয় প্রায় নিশ্চিত, শনিবার ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে যে একাদশ মাঠে নামবে। সেটাই বিশ্বকাপে ভারতের মূল কম্বিনেশন হয়ে উঠতে চলেছে।
বিশ্বকাপ শুরু হয়ে গেলেও এখনও পুরো দল একসঙ্গে পাওয়া যাচ্ছে না, এটাই সবচেয়ে বড় চিন্তা। ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচে খেলতে পারবেন না। পুরো ফিট হলে তিনি দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন। এর মধ্যেই বড় ধাক্কা হর্ষিত রানার চোট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন তরুণ পেসার।
হর্ষিতের ছিটকে যাওয়া যে কোনও ক্রিকেটপ্রেমীর কাছেই হতাশার। গম্ভীরের ‘ফেভারিট’ তকমা নিয়ে নানা কটাক্ষ থাকলেও, পারফরম্যান্স দিয়েই নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন তিনি। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কাজে লাগার মতো, এই অলরাউন্ড বৈশিষ্ট্যই তাঁকে অর্শদীপ সিংয়ের উপরে এগিয়ে রেখেছিল। কিন্তু ভাগ্য সহায় হল না। ফলত, দু’বছর টি-টোয়েন্টি দলের বাইরে থাকা মহম্মদ সিরাজকে ফিরিয়ে আনতে হয়েছে। যদিও সিরাজের বর্তমান ফর্ম খুব একটা স্বস্তি দিচ্ছে না। ব্যাটিংয়েও তিনি বিশেষ পারদর্শী নন। ফলে গম্ভীর-সূর্য জুটিকে নতুন করে ভাবতেই হচ্ছে কম্বিনেশন নিয়ে।
তবে এই অনিশ্চয়তার মধ্যেও ভারতের বড় ভরসা ব্যাটিং লাইন-আপ। ওপেনিংয়ে ঈশান কিষান ও অভিষেক শর্মাকেই দেখা যাবে, কার্যত নিশ্চিত। সূর্যকুমার নিজেই ঈশানের প্রশংসা করে বলেছেন, “গত কয়েকটা ম্যাচে ও যেভাবে পারফর্ম করেছে, আন্তর্জাতিক মঞ্চে সেটা আরও চোখে পড়ছে। তবে তার আগে ঘরোয়া ক্রিকেটেও একই ধারাবাহিকতা ছিল। আশা করছি বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রাখবে।”
তিন নম্বরে থাকছেন তিলক বর্মা। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন, অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে যেভাবে ব্যাট করলেন, তাতে বোঝাই যায়নি চোট থেকে ফিরছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেও ঠিক সময়ে ফর্মে ফিরেছেন। মিডল অর্ডারে ঝড় তুলতে প্রস্তুত অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং ও শিবম দুবে। পরিস্থিতি বুঝে ব্যাটিং অর্ডারে রদবদলও হতে পারে।
বোলিং বিভাগে জশপ্রীত বুমরাহর সঙ্গে অর্শদীপ সিংয়ের খেলা প্রায় নিশ্চিত। শিশিরের কথা মাথায় রেখে দু’জনের বেশি স্পিনার খেলানোর সম্ভাবনা কম। সে ক্ষেত্রে বরুণ চক্রবর্তীর সঙ্গে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে। কুলদীপ যাদবকে ছাড়াই শুরু করতে হতে পারে বিশ্বকাপ। হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে পেসার অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, বিশেষ করে তাঁদের স্লোয়ারগুলি এই টুর্নামেন্টে বড় অস্ত্র হতে পারে।
শক্তির বিচারে যুক্তরাষ্ট্র ভারতের থেকে অনেকটাই পিছিয়ে। তবু প্রতিপক্ষকে এক মুহূর্তের জন্যও হালকাভাবে নিচ্ছে না ভারত। শুক্রবার দুপুর দু’টোয় ওয়াংখেড়েতে অনুশীলনে নামে গম্ভীর ব্রিগেড। প্রায় দু’ঘণ্টার সেশনে রেঞ্জ হিটিংয়ে ব্যস্ত ছিলেন অভিষেক শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। অনুশীলনেই ইঙ্গিত মিলেছে, ওয়াংখেড়েতে রানের বন্যা বইতে পারে। ঐতিহাসিকভাবে ব্যাটিং সহায়ক এই উইকেটে শিশির বড় ফ্যাক্টর হবে। রাতের দিকে তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি, ফলে টসের ভূমিকা গুরুত্বপূর্ণ।
Locked in and loaded ????????
Snapshots from the training session as #TeamIndia get match-ready for their #T20WorldCup opener! ????#MenInBlue pic.twitter.com/8kPnhOmZhW
— BCCI (@BCCI) February 6, 2026
সম্ভাব্য প্রথম একাদশ:
ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং




















