ইসলামাবাদ: ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে আবারও জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান। বৃহস্পতিবার সে দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব যৌথভাবে কাশ্মীরের নাগরিকদের প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কাশ্মীরের বিরোধ মেটাতে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবের কথা উল্লেখ করে ভারতকে বিশেষ বার্তা দিয়েছেন।
কাশ্মীরের মানুষের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার দাবি
পাক অধিকৃত কাশ্মীর থেকে দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিবাদ মেটাতে হলে সেখানকার মানুষের ইচ্ছাকে মর্যাদা দিতে হবে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়িত করার দাবি তুলে তিনি পুনর্ব্যক্ত করেন যে, কাশ্মীর পাকিস্তানেরই অবিচ্ছেদ্য অংশ হবে। শাহবাজ বলেন, পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্না কাশ্মীরকে পাকভূমের ‘গলার শিরা’ বলে অভিহিত করেছিলেন, তাই কাশ্মীরই পাকিস্তানের বিদেশনীতির মূল ভিত্তি।
প্যালেস্তাইনের সঙ্গে তুলনা ও বিতর্কিত নেতাদের নাম Kashmir Solidarity Day Pakistan
পড়শি দেশের প্রধানমন্ত্রী এ দিন কাশ্মীর পরিস্থিতিকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেন। নিজের বক্তব্যে তিনি বিতর্কিত জঙ্গি নেতা বুরহান ওয়ানি, সৈয়দ আলি গিলানি এবং বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক, মিরওয়াইজ ওমর ফারুক ও আসিয়া আন্দ্রাবির নাম উল্লেখ করেন। শাহবাজ দাবি করেন, কূটনৈতিক ভাবে কাশ্মীর সমস্যা ‘পূর্ণ শক্তিতে পুনরুজ্জীবিত’ হয়েছে।
পাক সেনাপ্রধানের সমর্থন
অসামরিক নেতৃত্বের পাশাপাশি পাক সেনাবাহিনীর তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সেনাপ্রধান আসিম মুনির-সহ সকল বাহিনীর প্রধানের ‘পূর্ণ সমর্থন’ আছে কাশ্মীরের নাগরিকদের প্রতি। অনুষ্ঠানের দিন সেনাপ্রধান বিভিন্ন সামরিক এলাকা পরিদর্শন করেন বলে জানা গেছে।



















