গত মরসুমে ভালো ফুটবল খেলে ও আইএসএল চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়নি গোয়ার (FC Goa) পক্ষে। যদিও সেই হতাশা বেশিদিনের ছিল না। পরবর্তীতে শক্তিশালী জামশেদপুর এফসিকে হেলায় হারিয়ে তাঁরা জয় করেছিল কলিঙ্গ সুপার কাপ। যারফলে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছিল দেশের প্রথম সারির এই ফুটবল দল। সেখানে জয় না আসলেও নজরকাড়া পারফরম্যান্স ছিল ভারতের এই দলের। তবে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট পুনরায় জয় করার চ্যালেঞ্জ ছিল সকলের।
সেটাই হয়েছে শেষ পর্যন্ত। এবার কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল দলকে হারিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে গোয়া। গোটা ম্যাচ জুড়ে অমীমাংসিত ফলাফলের পর শেষ মুহূর্তে সাডেন ডেথে এসেছে সাফল্য। যেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। আগামী দিনে ও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখারই লক্ষ্য ছিল দলের সকল ফুটবলারদের। কিন্তু শেষ কয়েক মাস ধরে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল। যারফলে এই দলের হয়ে খেলা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছিল বিদেশি ফুটবলারদের মধ্যে।
এমন পরিস্থিতিতে দল ছেড়েছেন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা, ইকের গ্যারেটক্সোনার মতো ভরসাযোগ্য ফুটবলাররা। যেটা ব্যাপক হতাশ করেছে সকলকে। তবে আইএসএল শুরু হওয়ার আগে দল যে নতুন ফুটবলারদের দলে টানবে সেই ইঙ্গিত ছিল স্পষ্ট। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের তুলনায় ভারতীয় ফুটবলার দলে টানার ক্ষেত্রেই অনেকটা এগিয়ে ছিল টানা দুইবারের সুপার কাপ জয়ীরা। সেক্ষেত্রে এবার উঠে এসেছে মনিপুরের দাপুটে ফুটবলার ড্যানিয়েল লাললিম্পুইয়ার নাম। পূর্বে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
কিন্তু পরবর্তীতে তাঁর সঙ্গে চুক্তি ছিন্ন করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। শেষ পাওয়া তথ্য অনুযায়ী তাঁকে দলে টানতে চলেছে মানোলোর ফুটবল দল। নিজেকে এবার কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।




















