সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঢেউ উঠলেই তাতে ভেসে আসে নানা দাবি। কখনও সত্য, কখনও নিছক জল্পনা। সাম্প্রতিক সময়ে ঠিক তেমনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্ট ঘিরে দাবি করা হচ্ছে, তিনি সিনেমার প্লেব্যাক গান থেকে অবসর নিয়ে রাজনীতিতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন।
প্রসঙ্গত, অরিজিৎ সিং দীর্ঘদিন ধরেই ভারতীয় সঙ্গীতজগতের প্রথম সারির শিল্পী। বাংলা, হিন্দি, পাঞ্জাবি-সহ একাধিক ভাষায় তাঁর গাওয়া গান শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। রোম্যান্টিক ব্যালাড থেকে আত্মঅন্বেষার গান। প্রতিটি ঘরানায় তাঁর স্বচ্ছন্দ যাতায়াতই তাঁকে আলাদা করেছে। সেই জায়গা থেকে হঠাৎ করে প্লেব্যাক থেকে সরে আসার খবর স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি করে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি লেখাকে কেন্দ্র করে দাবি উঠেছে, অরিজিৎ নাকি সঙ্গীতজীবনে একঘেয়েমি অনুভব করছেন এবং নতুন ধরনের সঙ্গীত অন্বেষণে যেতে চান। ওই লেখায় তাঁর নাম ব্যবহার করে বলা হয়েছে, মঞ্চে গান পরিবেশনের ক্ষেত্রে বারবার নতুন অ্যারেঞ্জমেন্ট করতে করতে তিনি ক্লান্ত, তাই নাকি নতুন শিল্পীদের গান শুনে অনুপ্রেরণা নিতে চান। যদিও এই বক্তব্যের সত্যতা যাচাই করা যায়নি এবং শিল্পীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি নেই।
এরই পাশাপাশি শুরু হয়েছে আরও এক আলোচনা, অরিজিতের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা। কিছু পোস্টে তাঁর রাজনৈতিক ময়দানে নামার ইঙ্গিত দেওয়া হলেও, তা সমর্থন করার মতো কোনও নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি। ফলে এই মুহূর্তে বিষয়টি নিছক জল্পনার পর্যায়েই রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় তারকাদের ঘিরে এ ধরনের গুজব নতুন নয়। সোশ্যাল মিডিয়ার যুগে অসম্পূর্ণ বা ভুয়ো তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা থেকেই তৈরি হয় বিভ্রান্তি। সব মিলিয়ে বলা যায়, গান ছেড়ে রাজনীতি দাবিই আপাতত জল্পনার স্তরেই রয়েছে।




















