বুধবার বারামতিতে চার্টার্ড বিমানের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)৷ তার মৃত্যুর পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। ঘটনায় স্থানীয় পুলিশের দায়ের করা আকস্মিক মৃত্যুর রিপোর্ট মহারাষ্ট্র সিআইডি-এর কাছে হস্তান্তর করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের অধীন এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ইতিমধ্যেই প্রযুক্তিগত তদন্তের দায়িত্ব নিয়েছে।
বুধবার সকালে মুম্বই থেকে একটি চার্টার্ড লেয়ারজেট বিমানে বারামতির উদ্দেশে রওনা দেন অজিত পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন দুই পাইলট, একজন বিমানসেবিকা এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। নির্ধারিত সময় অনুযায়ী বিমানটি বারামতি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেয়। তবে অবতরণের শেষ মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।
সরকারি বিবৃতি অনুযায়ী, খারাপ দৃশ্যমানতার কারণে প্রথমে বিমানটিকে একবার ‘গো-অ্যারাউন্ড’ করতে বলা হয়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল অবতরণের অনুমতি দেয়। কিন্তু সেই অনুমতির পর বিমানটির তরফে কোনও ‘রিড-ব্যাক’ পাওয়া যায়নি। এর কিছুক্ষণের মধ্যেই রানওয়ের শেষ প্রান্তে পৌঁছে বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং আগুন ধরে যায়। রানওয়ের মাত্র ২০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর৷ এছাড়াও মৃত্যু হয় অজিত পাওয়ারের পিএসও বিদীপ জাধব এবং বিমানসেবিকা পিঙ্কি মালির। দুর্ঘটনার খবর পাওয়ার পরই AAIB-এর একটি বিশেষ ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়।




















