
টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে, ততই নাটকীয় মোড় নিচ্ছে পাকিস্তান ক্রিকেটকে ঘিরে পরিস্থিতি। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ইঙ্গিত দিয়েছিল, চাইলে সরকার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে। যদিও সেই বক্তব্যের মাঝেই সীমিত ওভারের বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে PCB। তবে দল ঘোষণার পরও তাদের সুর বদলায়নি। যে কোনও মুহূর্তে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি এখনও বহাল।
বাংলাদেশ নয়, বিশ্বকাপ থেকে পাকিস্তান সরলেই দরজা খুলবে এই ছোট্ট দেশের
তবে ক্রিকেট মহলের একাংশের মতে, সম্ভাব্য শাস্তি ও আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করবে না পাকিস্তান। আর ঠিক এই আবহেই ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নতুন করে চাপে ফেলেছে বাবর আজমদের শিবিরকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম থেকেই আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়ে ভারত কার্যত বুঝিয়ে দিয়েছে, বিশ্বকাপের জন্য তারা কতটা প্রস্তুত। বিশেষ করে তৃতীয় ম্যাচে মাত্র ১০ ওভারের মধ্যে ১৫০ বেশি রান তাড়া করে জয়।ভারতীয় ব্যাটিংয়ের বিধ্বংসী রূপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই পারফরম্যান্স শুধু নিউজিল্যান্ড নয়, পাকিস্তানসহ বাকি প্রতিদ্বন্দ্বীদেরও বার্তা দিয়েছে। আসন্ন বিশ্বকাপে ভারত হতে চলেছে বড়সড় হুমকি।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন ভারতের পাঁচ ক্রিকেটার।
১. অভিষেক শর্মা
তালিকার শীর্ষেই রয়েছেন অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর আগ্রাসী ব্যাটিং কার্যত বিপক্ষ বোলারদের দিশেহারা করে দেয়। বিশ্বকাপেও যদি এই ফর্ম ধরে রাখতে পারেন অভিষেক, তবে পাকিস্তানের বোলিং আক্রমণ বড় চাপে পড়বে বলেই মত বিশেষজ্ঞদের।
২. সূর্যকুমার যাদব
বিশ্বকাপের আগে সূর্য জ্বলে উঠতেই স্বস্তিতে ভারত, কি ঘটল?
দ্বিতীয় নামটি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের। গত বছর টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতার পর এ বছর সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছেন ‘স্কাই’। নিউজিল্যান্ড সিরিজের শেষ দুই ম্যাচে দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে অধিনায়কের এই ফর্ম নিঃসন্দেহে পাকিস্তানের জন্য অশনিসংকেত।
৩. ইশান কিষাণ
টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার পর থেকেই নিজের জাত চিনিয়ে চলেছেন ইশান কিষাণ। অল্প সময়ে বড় রান তোলার ক্ষমতা তাঁকে আলাদা করে তুলেছে। ওপেনিং হোক বা মিডল অর্ডার, যে কোনও পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর, যা পাকিস্তানের মাথাব্যথার বড় কারণ হতে পারে।
৪. তিলক বর্মা
চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরার অপেক্ষায় রয়েছেন তিলক বর্মা। তরুণ এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট মহলের। মাঝের ওভারে তিলকের আগ্রাসন পাকিস্তানের বোলারদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
৫. বরুণ চক্রবর্তী
ব্যাটিংয়ের পাশাপাশি ভারতের বোলিং অস্ত্রও কম ভয়ঙ্কর নয়। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর উপর ম্যানেজমেন্টের অগাধ ভরসা রয়েছে। বিশ্বকাপের মঞ্চে তাঁর স্পিনের জালে পাকিস্তানি ব্যাটাররা আটকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।













