HomeWest Bengalসমুখে পশ্চিমী ঝঞ্ঝা! কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

সমুখে পশ্চিমী ঝঞ্ঝা! কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

কলকাতা: টানা ছুটি কাটিয়ে মঙ্গলের সকালে কাজে ফিরল বাংলা৷ তবে সপ্তাহের প্রথম কর্মদিবসেই ঘাম ঝরানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, রাজ্যে শীতের ইনিংস কার্যত শেষের পথে। জানুয়ারির শেষ লগ্নে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনাই নেই৷ বদলে ধীরে ধীরে বাড়বে অস্বস্তিকর গরম।

পারদ চড়ার পূর্বাভাস

শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে সোমবার থেকেই ঊর্ধ্বমুখী রাজ্যের তাপমাত্রা। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী বুধবারের মধ্যে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলা গরম কাপড় গায়ে রাখা প্রায় দূরস্ত৷ হালকা পোশাক পড়লেও চলবে। শীতের যে আমেজ জানুয়ারির শুরুতে ছিল, তা এখন বাক্স-প্যাটরা গুছিয়ে বাড়ি ফেরার পথ ধরেছে৷

   

খলনায়ক যখন পশ্চিমী ঝঞ্ঝা Kolkata Winter Departure

কেন হঠাৎ বেপাত্তা হলো ঠান্ডা? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতের আকাশে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের ওপর একটি সক্রিয় ঝঞ্ঝা এবং আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) আরও একটি ঝঞ্ঝার প্রবেশের ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে৷ এর সঙ্গে দক্ষিণ পাঞ্জাবের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং রাজস্থান পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা সামগ্রিক পরিস্থিতিকে আরও তপ্ত করে তুলেছে।

জেলায় জেলায় আবহাওয়ার রূপ

দক্ষিণবঙ্গ ও কলকাতা: দক্ষিণের জেলাগুলিতে জানুয়ারির বাকি দিনগুলোতে ঠান্ডার দাপট আর সেভাবে ফেরার সুযোগ নেই। ভোর এবং রাতে সামান্য শিরশিরানি থাকলেও বেলা বাড়লে রোদের তেজ বাড়বে। তবে কুয়াশার দাপট থাকবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ার মতো জেলাগুলিতে।

পাহাড় থেকে সমতল, সর্বত্রই বাড়ছে তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও মালদহে পারদ কয়েক ডিগ্রি চড়তে পারে। এমনকি দার্জিলিঙের হাড়কাঁপানো ঠান্ডাও এখন কিছুটা স্তিমিত হওয়ার পথে।

বৃষ্টির আপডেট

আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। শুষ্ক এবং পরিষ্কার আকাশ থাকলেও আর্দ্রতার কারণে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। তবে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ঘরে ঘরে সর্দি-কাশির প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Moumita Biswas
Moumita Biswashttps://kolkata24x7.in
দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর