তাজমহলের ভিতরে উড়ল তেরঙ্গা! ‘জনগণমন’ গাইলেন হিন্দু মহাসভার সদস্যরা

আগ্রা: সাধারণতন্ত্র দিবসের সকালে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল আগ্রার তাজমহল। মুঘল স্থাপত্যের এই বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধের মূল সমাধিস্থলে পৌঁছে তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা। যা ...

By Moumita Biswas

Published:

Follow Us

আগ্রা: সাধারণতন্ত্র দিবসের সকালে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল আগ্রার তাজমহল। মুঘল স্থাপত্যের এই বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধের মূল সমাধিস্থলে পৌঁছে তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা। যা নিয়ে ইতিমধ্য়েই শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। হিন্দু মহাসভার দাবি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘আহ্বান’ মেনেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।

কী ঘটেছিল সোমবার সকালে?

সোমবার সকালে তাজমহল চত্বরে আকস্মিকভাবে ঢুকে পড়েন হিন্দু মহাসভার বেশ কয়েকজন সদস্য। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, সংগঠনের দুই সদস্য নন্দুকুমার এবং নীতেশ ভরদ্বাজ তেরঙা পতাকা হাতে মূল সমাধিস্থলের একেবারে সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে তাঁরা সগৌরবে জাতীয় পতাকা প্রদর্শন করেন এবং সমবেতভাবে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গান। এর আগে তাজমহলের এই নির্দিষ্ট অংশে এভাবে জাতীয় পতাকা উত্তোলনের নজির নেই বললেই চলে।

   

যোগীর বার্তার জের? Tricolour unfurled at Taj Mahal

হিন্দু মহাসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি দেশের সমস্ত মাদ্রাসা ও মসজিদে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার যে ডাক দিয়েছেন, তা থেকেই অনুপ্রাণিত হয়ে তাঁরা এই কাজ করেছেন। তাঁদের মতে, তাজমহলও এই নির্দেশের বাইরে নয়। সংগঠনের দাবি, এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে।

ঘনীভূত হচ্ছে বিতর্ক

ঐতিহাসিক ও সংরক্ষিত সৌধ হওয়ার কারণে তাজমহলের অভ্যন্তরে এ ধরনের কার্যকলাপের ওপর কড়া বিধিনিষেধ থাকে। হিন্দু মহাসভার সদস্যদের এই প্রবেশ এবং পতাকা উত্তোলন নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ সরকার বা স্থানীয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।