‘রামপুরহাট গণহত্যা’ আদালতের রায় নিয়ে প্রশ্ন তুললেন দেবাংশু

রাজ্য সরকার রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার তদন্তের জন্য সিট গঠন করেছিল। শুক্রবার ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজ্য সরকার রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার তদন্তের জন্য সিট গঠন করেছিল। শুক্রবার ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রামপুরহাট গণহত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। বেশ কয়েকটি জনস্বার্থ মামলাকে একসঙ্গে করে শুনানি হয়। গত বুধবার রাজ্য পুলিশের সিট-এর কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এই হত্যাকাণ্ডের রায় দিতে গিয়ে আদালত স্পষ্ট করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য সরকার যেন সহযোগিতা করে। এমনকী সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেখানেই বলা হয়েছে, যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করতে হবে।

   

শুক্রবার সকালে আদালতের রায় প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিজের অভিমত ব্যক্ত করেছেন দেবাংশু। ট্যুইট করে লিখেছেন, “সব তদন্তই যদি সিবিআই করবে তাহলে রাজ্য সরকার রাখার মানে কি? আদালত, রাজ্যপাল এবং সিবিআই মিলেই তবে রাজ্য চালাক! নির্বাচিত সরকারের প্রয়োজন নেই।”

রায়ের বিষয়ে দেবাংশুর মন্তব্য আদালত অবমাননার সমতুল বলেই মনে করছেন অনেকে। অর্থাৎ দেবাংশুর ট্যুইট থেকে নয়া বিতর্কের জন্ম নিতে চলেছে তা বলাই বাহুল্য।

শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বলেন, ‘আমরা এই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, এই মামলা সিবিআই–কে দেওয়া প্রয়োজন। বিচার ব্যবস্থা এবং সমাজের প্রতি ন্যায়বিচারের জন্য স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে নিয়ে আসা জরুরি। তাই এই মামলাটি সিবিআই–এর হাতে তুলে দিতে চায় আদালত। আর রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তারা তুলে দিক।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google