কোন ট্রেন ঘুরপথে-কোনগুলির রুট ছোট? দুর্ভোগ এড়াতে শিয়ালদার যাত্রীদের জন্য রইল আপডেট

শিয়ালদহ ডিভিশনে ৭ জুন অর্থাৎ শুক্রবার থেকে তিনদিন ট্রেন বাতিলের পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে রেলের কাজ শুরু হলে সেই কাজ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
RAIL HOWRAH

শিয়ালদহ ডিভিশনে ৭ জুন অর্থাৎ শুক্রবার থেকে তিনদিন ট্রেন বাতিলের পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার থেকে রেলের কাজ শুরু হলে সেই কাজ চলবে রবিবার পর্যন্ত। সেই কারনে টানা তিনদিন বেশ কয়েকশো ট্রেন স্বল্প দূরত্ব পর্যন্ত গিয়ে যাত্রা বাতিল করবে। ফলে শিয়ালদহ মেন ও বনগাঁ শাখার যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হবে বলা যায়। তবে জানা যায় শিয়ালদহ ডিভিশনে বারো বগির ট্রেন চালানোর প্রস্তুতি চলছে ।

প্ল‌্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারনেই তিন দিন প্রচুর সংখ‌্যক ট্রেন বাতিলের পাশাপাশি দমদম,বিধাননগরে এসে বহু ট্রেন যাত্রা বাতিল করবে বলে জানায় রেল। সেই কারনেই সড়ক পথে যাতায়াতের জন‌্য বিশেষ যানের ব‌্যবস্থার জন‌্য রাজ‌্যকে আবেদনও জানাবে রেল, সে কথা জানা যায় রেল সূত্রে।

   

তবে আগেই জানা গিয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। ৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৯ জুন রবিবার বেলা ২টো পর্যন্ত। ১৬ টি প্ল্যাটফর্ম যাত্রী পরিষেবা দেবে। জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ১২ কামরার লোকাল ট্রেন যাতায়াতের জন্য তৈরি হয়ে যাবে। অফিস টাইমে অতিরিক্ত ৩৩ শতাংশ যাত্রী বহন করতে পারবে পূর্ব রেল। প্রায় ৩০০ লোকাল ৯ কামরার ট্রেন থেকে ১২ কামরার ট্রেনে বদলে দেওয়া হবে। প্রতি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত ১০০০ যাত্রী বহন করবে রেল।

আজ,বৃহস্পতিবার শিয়ালদহ বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দীপক নিগম বিষয়টি আরও পরিষ্কার করে দিলেন। কাজ কতদিন চলবে, কী কাজ হবে, সেজন্য কতদিন প্ল্যাটফর্ম বন্ধ থাকবে, জানিয়ে দিলেন সব। তিনি জানালেন, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ শাট ডাউন বা পুরোপুরি বন্ধ থাকবে। এবং তিনটি স্টেজে কাজ হবে। কী কী সেই তিনটি স্টেজ? স্টেজ ১ শহরের দিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০ মিটার বাড়ানোর কাজ শেষ। স্টেজ ২ সেখানে আজ মধ্যরাত থেকে রুট রিলে ইন্টার লকিং এবং বৈদ্যুতিকীকরণের সিস্টেম বসবে। স্টেজ ৩ দমদম স্টেশনের দিকে বর্ধিত আরও ৬০ মিটার প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হবে, এই কাজটি শুরু হবে আনুমানিক ১৭ জুন।

জুনের ৩০ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শিয়ালদহ স্টেশনের ২১ টি প্ল্যাটফর্মের সবকটি ১২ কামরার লোকাল ট্রেন ঢোকার উপযুক্ত হয়ে যাবে। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার বেলা ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশন ২১ টির মধ্যে ১৬ টি প্ল্যাটফর্ম দিয়ে তার যাবতীয় যাত্রী পরিষেবা চালানোর চেষ্টা করবে। মোট ৪০০ কর্মী টানা কাজ করবেন। ১৪৭টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশনে আসবে না। এগুলি দমদম জংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে গন্তব্যে যাতায়াত করবে। নৈহাটি, কল্যাণী, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ লোকাল ঢুকবে না শিয়ালদহ স্টেশনে।

রাজ্য পরিবহণ দফতর এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে এই কাজের জন্য কলকাতাগামী অতিরিক্ত বাস ও মেট্রোর ব্যবস্থা রাখার আর্জি জানিয়েছে পূর্ব রেল। ৮০৬ টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন দিয়েই যাতায়াত করবে। এই সমস্ত ট্রেন ১২ কামরার হবে। এই তালিকায় কোনো ৯ কামরার ট্রেন রাখা হয়নি। এগুলি ৬ থেকে ১১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করবে। তবে ১২ নম্বর এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়েও লোকাল ট্রেন চালানো হতে পারে।

৪ টি দূরপাল্লার ট্রেন শিয়ালদহ স্টেশনের বদলে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে। শিয়ালদহ আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস হাটে বাজারে এক্সপ্রেস শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস শিয়ালদহ আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস রাজধানী দুরন্ত-সহ সমস্ত প্রিমিয়াম ট্রেন শিয়ালদহ স্টেশন দিয়েই যাতায়াত করবে। শিয়ালদহ দক্ষিণ শাখায় এই রদবদলের কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google